২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদুরোর পক্ষত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সামরিক কূটনীতিক

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভেনেজুয়েলার শীর্ষ সামরিক প্রতিনিধি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের পক্ষ ত্যাগ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 07:55 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

ওয়াশিংটনে ভেনেজুয়েলার দূতাবাসে ধারণ করা এক ভিডিও বার্তায় মাদুরো সরকারের বিপক্ষে অবস্থান তুলে ধরেছেন কর্নেল হোসে লুই সিলভা নামের ওই সামরিক কূটনীতিক।

ভিডিও বার্তায় লুই সিলভা ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকেই ‘বৈধ প্রেসিডেন্ট’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

গুইদো গত বুধবার নিজেকে ভেনেজুয়েলার ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন। ভিডিওতে কর্নেল লুই সিলভা বলেছেন, “সেনাবাহিনীতে আমার ভাইয়েরা, আপনারা একমাত্র বৈধ প্রেসিডেন্ট হিসেবে হুয়ান গুইদোকে স্বীকৃতি দিন।

“আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সেনাবাহিনীর মৌলিক দায়িত্ব। দয়া করে ভাইয়েরা, আমাদের জনগণের উপর হামলা করবেন না।” 

ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক সংকটে প্রেসিডেন্ট মাদুরো সেনাবাহিনীর আনুগত্য ধরে রাখার মধ্যে প্রকাশ্যে তার পক্ষত্যাগের এমন ঘোষণা দিলেন সামরিক কর্মকর্তা সিলভা।

কর্নেল সিলভার ভিডিও বার্তা প্রকাশের পর গুইদো তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং সেনাবাহিনীর অন্যান্য সদস্যদের তার দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় সিলভার এ কাণ্ডকে রাষ্ট্রদ্রোহ বলে বর্ণনা করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইটারে ‘বিশ্বাসঘাতক’ সিল দেওয়া কর্নেল সিলভার একটি ছবি পোস্ট করা হয়েছে।

গত বুধবার মাদুরোবিরোধী এক বিশাল সমাবেশে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা গুইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করার পর থেকেই চাপে আছেন প্রেসিডেন্ট মাদুরো।

যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনাসহ আরো কয়েকটি দেশ গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। অপরদিকে, রাশিয়া, চীন, মেক্সিকো, তুরস্কসহ কয়েকটি দেশ মাদুরো সরকারের প্রতি তাদের সমর্থন জানিয়েছে।

গুইদো ‘অভ্যুত্থানের চেষ্টা করছেন’ বলে অভিযোগ করেছেন মাদুরো। ফলে গুইদোকে সমর্থন দেওয়ার কারণে মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে মার্কিন কূটনীতিকদের ৭২ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন মাদুরো। যদিও পরে তিনি ওই অবস্থান থেকে সরে আসেন।

শনিবার সন্ধ্যায় মাদুরোর বেঁধে দেওয়া সময় পার হয়ে যাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মার্কিন কূটনীতিকদের দেশত্যাগের নির্দেশ প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হয়। তার বদলে দুই পক্ষের আলোচনার জন্য ‘৩০ দিন’ সময় দেওয়া হয়।

মাদুরো নিজের অবস্থান থেকে কিছুটা সরে গেলেও ওয়াশিংটন এখন নিজেদের অবস্থানে অনড় আছে। ওয়াশিংটন বলেছে, যেহেতু তারা মাদুরোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে আর স্বীকৃতি দিচ্ছে না, তাই তার প্রশাসনের দেওয়া কোনো নির্দেশ মানতেও তারা বাধ্য নয়।

 জার্মানি, স্পেন, ফ্রান্সসহ ইউরোপীয় নেতারা মাদুরোকে আগামী আট দিনের মধ্যে নতুন করে নির্বাচনের ঘোষণা দেওয়ার আল্টিমেটাম দিয়েছে; নতুবা গুইদোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে বলেও সতর্ক করেছে।