দম্পতিকে বিমান থেকে নামিয়ে দেওয়া হল, কারণ ‘শরীরের গন্ধ’
শরীরের গন্ধ নিয়ে অভিযোগ আসার পর আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৯ মাস বয়সী এক কন্যাশিশুসহ মিশিগানের এক দম্পতিকে সরিয়ে নেওয়া হয়।
বুধবার রাতে যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে খবর ওয়াশিংটন পোস্টের।
ফ্লাইটটির অন্যান্য যাত্রী ও ক্রু সদস্যরা তাদের শরীরের গন্ধ নিয়ে অভিযোগ করছে, উড়োজাহাজ থেকে নামিয়ে আনার পর এয়ারলাইনের পক্ষ থেকে ওই দম্পতিকে এমনটি জানানো হয়।
ইয়োশি অ্যাডলার জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী জেনি মিয়ামিতে অবকাশযাপন করার পর বাড়িতে ফেরার সময় ঘটনাটি ঘটেছে। জরুরি কারণে তাদের উড়োজাহাজ থেকে নেমে যেতে হবে বলে বলা হয়েছিল।
মিশিগান অঙ্গরাজ্যের সাউথফিল্ডের এই দম্পতি বাড়িতে তাদের আট শিশুকে রেখে অবকাশযাপনে এসেছিলেন। সন্তানদের নিয়ে উদ্বিগ্ন এই দম্পতি দ্রুত বাড়িতে ফিরতে চাইছিলেন, কিন্তু পরেরদিন সকালে আরেকটি ফ্লাইটে উঠিয়ে না দেওয়া পর্যন্ত তাদের মিয়ামিতেই থাকতে হয়।
উড়োজাহাজ থেকে নামানোর পর এয়ারলাইন যখন তাদের জানায় শরীর থেকে দুর্গন্ধ বের হওয়ার কারণে তাদের নামানো হয়েছে তখন তারা ‘লজ্জিত’ ও ‘হতাশবোধ’ করেছেন বলে জানিয়েছেন অ্যাডলার। প্রকৃত কারণটি জানার পর বিস্মিত হয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।
এ ঘটনার বিষয়ে এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, অ্যাডলার দম্পতিকে উড়োজাহাজ থেকে নেমে যেতে বলার আগে তাদের ক্রু সদস্যসহ বেশ কয়েকজন যাত্রী অ্যাডলারের শরীরের গন্ধ নিয়ে অভিযোগ করেছে, সে কারণে অন্যান্য যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য তাদের সরিয়ে নেওয়া হয়।
“আমাদের টিমের সদস্যরা তাদের যত্ন নিয়েছে এবং পরিবারটিকে খাবার ও হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে। বৃহস্পতিবার সকালে ডেট্রয়িটের একটি ফ্লাইটে তাদের তুলে দেওয়া হয়েছে,” বিবৃতিতে বলেছে এয়ারলাইন্সটি।
শুক্রবার ফোনে ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্ম বিশ্বাসে ইহুদি অ্যাডলার বলেন, “স্পষ্টতই একটা কারণ ছিল, কিন্তু আমার ধারণা মূল কারণটা সেমিটিক বিদ্বেষ। যদি তা নাও হয় শেষ পর্যন্ত তারা সেমিটিক বিদ্বেষীই।”
তিনি আরও জানিয়েছেন, খাবার ও থাকার জন্য আমেরিকান এয়ারলাইন্স তাকে যে ভাউচার দিয়েছিল তা কাজ করেনি, ফলে তাকে নিজের পকেটের পয়সাই খরচ করতে হয়েছে।
অপরদিকে তাদের কর্মীরা অ্যাডলারের ধর্মীয় পরিচয় জানাতো না বলে বিবৃতিতে দাবি করেছে আমেরিকান এয়ারলাইন্স।
