২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় দূতাবাস ছাড়ছেন মার্কিন কূটনীতিকরা

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দূতাবাস ছেড়ে চলে যেতে শুরু করেছেন মার্কিন কূটনীতিকরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Jan 2019, 12:12 AM

Updated : 08 Apr 2022, 03:45 PM

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর মার্কিন কূটনীতিকরা দেশে ফিরছেন।

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায় পুলিশ প্রহরায় কূটনীতিকদের গাড়িবহর বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী। তাছাড়া, স্যোশাল মিডিয়াতেও একটি ভিডিওতে ওই একই গাড়িবহরকে দূতাবাস ছাড়তে দেখা গেছে।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো গত বুধবার নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণার পর যুক্তরাষ্ট্র তৎক্ষণাত তাকে স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ হন মাদুরো। জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি। সেইসঙ্গে মার্কিন কর্মকর্তাদেরকেও ভেনেজুয়েলা ত্যাগের নির্দেশ দিয়েছেন মাদুরো।

ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগও কিছু মার্কিন সরকারি কর্মকর্তাকে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছে এবং মার্কিন নাগরিকদেরকেও ভেনেজুয়েলা ছেড়ে চলে আসার চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছে।

তবে শুক্রবার ভেনেজুয়েলায় মার্কিন কূটনীতিকদের দূতাবাস ত্যাগের বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা গুইদো ও তার মিত্ররা মাদুরোর বিরুদ্ধে জালিয়াতির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা দখলের অভিযোগ করে তাকে সরাতে চাইছেন।

তবে গুইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলেও এখনো রাষ্ট্র পরিচালনায় তার কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ, দেশটিতে গভীর অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্যেও প্রশাসন এখনো মাদুরোরই অনুগত।