২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেক্সিট সংকট: ‘অভিন্ন পথ’ খোঁজার ইঙ্গিত রানির

যুক্তরাজ্যে ব্রেক্সিট সংকট ঘনীভূত হতে থাকার মধ্যে একটি ‘অভিন্ন পথ খুঁজে বের করা’ এবং ‘ভিন্ন মতকে সম্মান করার’ আহ্বান জানিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Jan 2019, 08:51 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

‘বেক্সিট’ কথাটি প্রকাশ্যে উচ্চারণ না করলেও ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টে চলমান বিতর্ককে ইঙ্গিত করেই রানি এমন মন্তব্য করেছেন বলে ধরে নেওয়া হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) চুক্তি নিয়ে পার্লামেন্টে আগামী সপ্তাহেই এমপি’দের ভোট হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে এমপিরা এ চুক্তিটি প্রত্যাখ্যান করেছে। ব্রেক্সিট চুক্তি নিয়ে কোনো সুরাহা না হলে ২৯ মার্চে কোনো চুক্তি ছাড়াই ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করতে হবে।

বিবিসি’র রাজপরিবার বিষয়ক এক সংবাদাতা বলছেন, রানির ভাষ্য যে এ সংকটের ব্যাপারে ‘একটি বার্তা’ সে ব্যাপারে সন্দেহ নেই বললেই চলে।

নোরফোক এ স্থানীয় একটি নারী বিষয়ক প্রতিষ্ঠানের ১শ’বছর পূর্তি অনুষ্ঠানে দেওয়া ভাষণে রানি অভিন্ন পথ খোঁজার ওই আহ্বান জনান এবং বলেন, “প্রতিটি প্রজন্মই নতুন নতুন চ্যালেঞ্জ এর মুখোমুখি হয় আবার তাদের সামনে নতুন সুযোগও থাকে।”

যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান হিসাবে রাজনৈতিক কোনো বিষয়ে প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থানই বজায় রাখেন রানি। বিতর্কিত রাজনৈতিক বিষয় নিয়ে রানি সাধারণত তার মত প্রকাশ করেন না।

তাই এবার ব্রেক্সিট নিয়ে সংকটের সময়ে রানির তা সমাধানের পথে হাঁটার ইঙ্গিতপূর্ণ বার্তা অনেককেই বিস্মিত করেছে।