মেরে ফেলার হুমকি, দেশে ফিরছেন না ব্রাজিলের সমকামী সাংসদ
প্রাণে মেরে ফেলা হবে ধারাবাহিকভাবে এমন হুমকি পাওয়ার পর পার্লামেন্ট থেকে পদত্যাগ ও দেশ ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রাজিলের সমকামী সাংসদ জেন ওয়াইলিস।
ব্রাসিলিয়া থেকে নির্বাচিত সোশালিজম অ্যান্ড লিবার্টি পার্টির (পিএসওএল) এ সদস্যই ব্রাজিলের প্রথম পার্লামেন্টারিয়ান যিনি প্রকাশ্যে নিজের সমকামীতার কথা বলেছিলেন।
দলের শীর্ষ নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ওয়াইলিস তার দেশত্যাগের ভাবনার কথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এ পার্লামেন্ট সদস্য জানান, মেরে ফেলার হুমকি তার জীবনকে বিষিয়ে তুলেছে। নিরাপত্তার কথা ভেবে তিনি রিও ডে জেনিরোর বাড়ি থেকে বের হওয়ার কথাও ভাবতে পারতেন না।
দুর্বৃত্তরা তার মা ও ভাইবোনদেরও হুমকি দিয়েছে, বলেছেন তিনি।
ওয়াইলিস সম্প্রতি ব্রাসিলিয়ার ওই আসনেই পুননির্বাচিত হয়েছিলেন। পিএসওএল জানিয়েছে, ওয়াইলিসের ছেড়ে দেওয়া আসনটিতে তারা আরেক সমকামী রিওর কাউন্সিলর ডেভিড মিরান্ডাকে মনোনয়ন দেয়ার কথা ভাবছে। মিরান্ডা পুলিৎজারজয়ী মার্কিন সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ডের জীবনসঙ্গী।
ব্রাজিলের প্রেসিডেন্টের দপ্তর তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।
ব্রাজিলীয় সংবাদপত্র ফোলহা দে সাও পাওলোকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াইলিস বলেছেন, গত বছর পিএসওএলের নেতা ও রিওর কাউন্সিলওম্যান মেরিয়েলে ফ্রাঙ্কোকে মেরে ফেলার পর থেকেই তিনি দেহরক্ষীদের নিয়ে ঘুরছেন। এ পরিস্থিতি তাকে ক্লান্ত করে তুলেছে।
নিরাপত্তাহীনতার জন্য ব্রাজিলের বর্তমান ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনেরোর দিকেও আঙ্গুল তুলেছেন তিনি। সমকামী ও অন্যান্য সম্প্রদায়ের অধিকার রহিতের প্রতিশ্রুতি আছে বোলসোনেরোর।
ওয়াইলিস বলছেন, গত বছরের অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থি প্রার্থীর বিজয়ের পর থেকেই দেশের সহিংস পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।
ইউরোপ সফরে থাকা পিএসওএলের এ নেতা আর দেশে ফিরছেন না বলেও অনুমান তার ঘনিষ্ঠদের।
ওয়াইলিস সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ এনেছেন। দেহরক্ষী নিয়ে ঘোরার মধ্যেও তাকে ধাক্কা মারা হয়েছে বলে জানান ৪৪ বছর বয়সী এ সোশালিস্ট।
“কেবল বোলসোনেরোর বিজয়ী হওয়াই নয়; তিনি নির্বাচিত হওয়ার পর সহিংসতা যে মাত্রায় পৌঁছেছে সেদিকটিও বিবেচনায় নেওয়া উচিত,” ফোলহা দে সাও পাওলোকে বলেছেন এ সমকামী পার্লমেন্টারিয়ান।
