অচলাবস্থা অবসানে বৃহস্পতিবার মার্কিন সিনেটে ভোট
যুক্তরাষ্ট্রের সরকারের আংশিক অচলাবস্থা অবসানের চেষ্টায় বৃহস্পতিবার দুইটি বিল নিয়ে ভোটাভুটি করবে সিনেট। বিল পাস হলে কেটে যেতে পারে মাসব্যাপী চলমান অচলাবস্থা।
দু’টি বিলের প্রথমটি হচ্ছে, রিপাবলিকান-সমর্থিত একটি পদক্ষেপ। এতে মেক্সিকো দেয়ালের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি করা ৫শ’ কোটি ডলারের তহবিল দেওয়ার কথা বলা হয়েছে অবৈধ তরুণ অভিবাসীদের (ড্রিমার) সাময়িক সুরক্ষা দেওয়ার বিনিময়ে।
আর দ্বিতীয় বিলটিতে সম্প্রতি অচল হয়ে পড়া সরকারি প্রতিষ্ঠানগুলোতে তিন সপ্তাহের জন্য তহবিল যোগান দেওয়ার প্রস্তাব দিয়েছে ডেমোক্র্যাটরা। তবে মেক্সিকো সীমান্তে দেয়ালের জন্য ট্রাম্পের দাবি করা তহবিল তারা নাকচ করেছে।
মঙ্গলবার সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল এবং সংখ্যালঘিষ্ঠ ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, তারা বিল দুটি উত্থাপন করবেন। এ দু'নেতা ওইদিনই দু’টি বিল নিয়ে তাদের মধ্যে সমঝোতা হওয়ার ঘোষণা দেন।
ড্রিমারদের সাময়িক সুরক্ষা দেওয়ার বিনিময়ে মেক্সিকো দেয়ালের অর্থ বরাদ্দের প্রস্তাব সম্বলিত বিলটি সিনেটে পাস হওয়ার সম্ভাবনা কম এমনকি প্রতিনিধি পরিষদেও পাস হওয়ার সুযোগ নেই বলেই মনে করা হচ্ছে।
তবে, বন্ধ হয়ে পড়া সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বল্প মেয়াদে তহবিল যোগানোর প্রস্তাব সম্বলিত বিলটি পাস হলেও হয়ত অচলাবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ম্যাককনেল ও শুমার দুইজনই।
কিন্তু কোনো বিলই শেষ পর্যন্ত পাস হওয়ার জন্য যথেষ্ট ভোট পাবে কিনা সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। সিনেটে বিল পাস হতে হলে প্রতিটি বিলে ৬০ ভোট দরকার হবে।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের দাবি করা তহবিল বরাদ্দের বিষয়টির সুরাহা না হওয়াতেই যুক্তরাষ্ট্র সরকার দীর্ঘদিন ধরে আংশিক অচল হয়ে আছে।
সিনেটের রিপাবলিকানরা এর আগে ট্রাম্পের দাবি মেনে দেয়ালের তহবিল অনুমোদ করলেও প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা তা করেনি। কিন্তু ট্রাম্প এরপরও তহবিলের বিষয়টিতে অটল থাকায় সরকার আংশিক অচল হয়।
কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, এ অচলাবস্থার জন্য বেশিরভাগ আমেরিকানই ডেমোক্র্যাটদের চেয়ে ট্রাম্পকেই বেশি দোষারোপ করেছে।
