২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাপাকসের প্রধানমন্ত্রীত্ব আটকে দিল শ্রীলংকার আদালত

শ্রীলংকার আদালত মাহিন্দা রাজাপাকসের প্রধানমন্ত্রীত্ব এবং মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠানের ক্ষমতা রহিত করে একটি আদেশ জারি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2018, 07:00 PM

Updated : 08 Apr 2022, 07:25 PM

সোমবার দেশটির আপিল আদালত এ আদেশ দেয় বলে জানিয়েছে এনডিটিভি। আদালত বলেছে, আগে রাজাপাকসের মন্ত্রিসভা বৈধ প্রমাণিত হতে হবে।

রাজাপাকসেকে সরকার প্রধান থাকার অনুমতি দিলে তা শ্রীলংকার জন্য ‘অপূরণীয় ক্ষতির কারণ হবে’ বলেও রায়ে জানিয়েছে আদালত।

শ্রীলংকার ক্ষমতাসীন জোটের মধ্যে বিরোধের জেরে গত ২৬ অক্টোবর প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রীর পদ থেকে রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করে ওই দিন রাতেই রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান। তিনি বিক্রমাসিংহের মন্ত্রিসভাও ভেঙে দিয়েছিলেন।

পার্লামেন্টে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা দাবি করে বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীত্ব ছাড়বেন না বলে ঘোষণা দেন এবং পক্ষ যাচাইয়ে এমপি’দের মধ্যে ভোট আয়োজনের আহ্বান জানান।

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হবেন এমনটা নিশ্চিত হওয়ায় সিরিসেনা পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে আগাম নির্বাচনের ডাক দেন। যার বিরুদ্ধে দেশটির প্রধান তিন দল আদালতে পিটিশন দায়ের করেন। ওই পিটিশনের ভিত্তিতে শ্রীলংকার সুপ্রিম কোর্টে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা বাতিল করে।

গত মাসে প্রধানমন্ত্রী রাজাপাকসের বিরুদ্ধে পার্লামেন্টে দুইবার অনাস্থা ভোট হয় এবং দুইবারই তিনি হেরে যান। এরপরও পদত্যাগ করতে রাজি হননি সাবেক এই প্রেসিডেন্ট।

রাজাপাকসের বিপক্ষে গত ১৬ নভেম্বর হওয়া দ্বিতীয় অনাস্থা ভোটের ফল প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট সিরিসেনা তৃতীয় অনাস্থা ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন।

সোমবার আদালতের রায় ঘোষণার পর আইনজীবী ও এমপি এম এ সুমানথিরান সাংবাদিকদের বলেন, “রাজাপাকসের বিরুদ্ধে ১২২ জন এমপি এ মামলা করেছেন। দুইবার অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর তার ক্ষমতায় থাকা সম্পূর্ণ অবৈধ।”