দাঙ্গা রুখতে ‘জরুরি অবস্থা জারি’র কথা ভাবছে ফ্রান্স সরকার
এক দশকেরও বেশি সময় পর দেখা দেওয়া সবচেয়ে বড় নাগরিক অসন্তোষ ও বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক দাঙ্গা রুখতে ফ্রান্সের সরকার জরুরি অবস্থা জারির কথা ভাবছে বলে এক মুখপাত্র জানিয়েছেন।
রোববার গণমাধ্যমকে দেওয়া এক মন্তব্যে মুখপাত্র বেনজামিন গ্রিভয় সংকট সমাধানে আন্দোলনকারীদের আলোচনার টেবিলে বসারও আহ্বান জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
জ্বালানির মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ফ্রান্সজুড়ে সরকারবিরোধী প্রতিবাদ বিক্ষোভ চলছে। সাপ্তাহিক ছুটির দিনে আয়োজিত এসব প্রতিবাদ বিক্ষোভে ট্যাক্সি চালকদের ব্যবহৃত ইয়েলো ভেস্ট পরে অংশগ্রহণ নিচ্ছে প্রতিবাদকারীরা। এ কারণে এই প্রতিবাদটি ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন হিসেবে পরিচিতি পেয়েছে।
চরম ডান ও বামপন্থি গোষ্ঠীগুলোর পাশাপাশি সহিংস দুর্বৃত্তরাও এই ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনে অনুপ্রবেশ করে দাঙ্গা সৃষ্টি করছে বলে ধারণা পুলিশের।
শনিবারও মুখোশ পরিহিত একদল তরুণকে হাতে ধাতব লাঠি ও কুড়াল নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। প্যারিসের রাস্তায় এদিনের সহিংসতায় বেশ কয়েকটি যানবাহন ও ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
“আমরা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি, যেন এ ধরনের ঘটনা আর না ঘটে,” ইউরোপ ওয়ান রেডিওকে বলেন গ্রিভয়।
বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু ও দাঙ্গা মোকাবেলায় কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে রোববার ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ারও কথা রয়েছে। সেখানেই জরুরি অবস্থা জারির বিষয়ে আলোচনা হতে পারে, বলেন এ সরকারি মুখপাত্র।
“সহিংসতার জন্য প্রতি সপ্তাহান্তেই বৈঠক করতে হবে, এটা ভাবা যাচ্ছে না,” মন্তব্য গ্রিভয়ের।
দেশটিতে ১৭ নভেম্বর প্রথম জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ হয় বলে জানিয়েছে রয়টার্স।
দ্রুতই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সংগঠিত আন্দোলনকারীরা এরপর দেশের বিভিন্ন এলাকার সড়ক আটকে দেয়; বাধা দেয় শপিং মল, কারখানা ও জ্বালানি সরবরাহ কেন্দ্রে প্রবেশেও।
শনিবারের বিক্ষোভ থেকে পুলিশ দেড়শ’র বেশি বিক্ষোভকারীকে আটক করে। এদের বেশিরভাগই উগ্রপন্থিদের দ্বারা উত্তেজিত হয়ে বিক্ষোভে এসেছিল বলে মন্তব্য করেছেন ফ্রেঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানার।
জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমাতে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা ‘ভুল হয়েছে’ বলেও স্বীকার করে নেন ম্যাক্রোঁ মন্ত্রিসভার এ সদস্য। সরকারি ওই পদক্ষেপের কারণেই নাগরিকদের ওপর করের মাত্রা বেড়ে যায়।
যদিও বিক্ষোভকারীরা দুই সপ্তাহ ধরে চলা এ বিক্ষোভ ও সহিংসতার জন্য সরকারকেই দায় দিচ্ছেন।
“যা ঘটেছে তার জন্য তারাই (সরকার) দায়ী, যদিও এটি প্রত্যাশিতই ছিল। উপর থেকেই এ সহিংসতা শুরু হয়েছে। নিস্ক্রিয়তার ভেতর দিয়ে রাষ্ট্র নিজেই সবচেয়ে বড় দুর্বত্তে পরিণত হয়েছে,” বলেন মার্শেইর ইয়োলো ভেস্ট আন্দোলনের কর্মী পল মারা।
শনিবার প্যারিসের বিখ্যাত বুলেভার শঁজে এলিজেতে মাথা ও মুখ ঢাকা প্রতিবাদকারীরা সংঘর্ষের সময় রাস্তার বেড়া ও অন্যান্য বস্তু পুলিশের দিকে ছুড়ে মারে।
অ্যাভিনিউটির মাথায় ‘আর্ক দ্য থিঁয়ুফ’ তোরণের নিচে অজানা সৈন্যদের সমাধি ঘিরে কয়েকশত ইয়েলো ভেস্ট প্রতিবাদকারী বসে পড়ে। ফ্রান্সের জাতীয় সংগীত গাওয়ার ফাঁকে ফাঁকে তারা ‘ম্যাক্রো পদত্যাগ কর!’ বলে শ্লোগান দেয়।
তোরণটির সামনে প্রতিবাদকারীরা বড় কালো অক্ষরে ‘ইয়েলো ভেস্টের জয় হবে’ লেখাও তুলে ধরে।
বিক্ষোভকারীরা ‘ম্যাক্রোঁ, আমাদের সঙ্গে নির্বোধের মতো আচরণ বন্ধ কর’ লেখা শ্লোগানও দেন।
দুপক্ষের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্যসহ মোট ৬৫ জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ জানিয়েছেন, এদিন ফ্রান্সজুড়ে ৩৬ হাজার প্রতিবাদকারী ও প্যারিসে ৫,৫০০ প্রতিবাদকারী রাস্তায় নেমেছিল।
পুলিশ ইউনিয়ন দেশজুড়ে ৫৮২টি সড়ক অবরোধ করা হয়েছিল বলে জানায়।
প্রতিবাদকারীরা ঢুকে পড়ায় শনিবার পশ্চিম ফ্রান্সের একটি বিমানবন্দরও কিছু সময়ের জন্য বন্ধ ছিল।
