শপথ নিলেন মেক্সিকোর বামপন্থি প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদর
পার্লামেন্টে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর।
শনিবার শপথ নেওয়া লোপেজ ওব্রাদর সাত দশকের মধ্যে মেক্সিকোর প্রথম বামপন্থি প্রেসিডেন্ট বলে জানিয়েছে বিবিসি।
মেক্সিকো সিটির এ সাবেক মেয়র শপথ নেওয়ার পর দেওয়া ভাষণে দেশকে দুর্নীতিমুক্ত এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের রাষ্ট্রে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
৬৫ বছর বয়সী ওব্রাদর তার নামের অদ্যাক্ষরগুলো নিয়ে তৈরি ‘আমলো’ নামে পরিচিত। জুলাইয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে বিশাল জয় পান তিনি।
প্রেসিডেন্টের দায়িত্বভার ছাড়ার সময় তার পূর্বসুরী এনরিকে পেনা নিয়েতোর জনসমর্থন ছিল মাত্র ২৪ শতাংশ। নিয়েতোর প্রশাসন দুর্নীতির কেলেঙ্কারিতে নিমজ্জিত হয়ে পড়েছিল। তার মেয়াদে মেক্সিকোর অপরাধজনিত খুনের হার রেকর্ড উচ্চতায় পৌঁছাচ্ছিল।
প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই লোপেজ ওব্রাদরকে এসব সমস্যার পাশাপাশি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জড়ো হওয়া কয়েক হাজার মধ্য আমেরিকান অভিবাসীদের নিয়ে করণীয় নির্ধারণ করতে হবে।
তার শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উপস্থিত ছিলেন। এদের পাশাপাশি ব্রিটিশ লেবার পার্টির প্রধান জেরেমি করবিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। করবিন ওব্রাদরের ঘনিষ্ঠ বন্ধু।
শপথ অনুষ্ঠানের পর মেক্সিকো কংগ্রেসে দেওয়া প্রথম ভাষণে ওব্রাদর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালীন দেওয়া বেশ কয়েকটি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এগুলোর মধ্যে অপরাধ, দারিদ্র ও দুর্নীতি নিয়ন্ত্রণ উল্লেখযোগ্য। পাশপাশি তিনি মেক্সিকোর প্রেসিডেন্টের ব্যবহৃত বিমান বিক্রি করে দেওয়ার, প্রেসিডেন্ট প্যালেসে বসবাস না করার ও নিজের বেতন ৬০ শতাংশ হ্রাস করার ঘোষণা দেন। প্রেসিডেন্ট প্যালেসকে পাবলিক মিউজিয়ামে পরিণত করারও ঘোষণা দিয়েছেন তিনি।
সরকারি ব্যয় হ্রাস করারও প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এসব পদক্ষেপের ঘোষণা দিয়েছেন তিনি।
শপথ অনুষ্ঠানে আসার সময় নিজের পুরনো ভক্সওয়াগন গাড়ি ব্যবহার করেছেন তিনি।
