২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর জ্যেষ্ঠ অ্যাডমিরালের মৃত্যু

মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দায়িত্বে থাকা ভাইস অ্যাডমিরাল স্কট স্টানিকে তার বাহরাইনের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2018, 11:42 AM

Updated : 08 Apr 2022, 07:25 PM

শনিবার এ কথা জানিয়ে তার মৃত্যুর ঘটনায় কোনো ষড়যন্ত্রের সন্দেহ করা হচ্ছে না বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী; খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভাইস অ্যাডমিরাল স্কট মার্কিন নৌবাহিনীর বাহরাইনভিত্তিক ৫ম নৌবহরের কমান্ডার ছিলেন। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানায়নি বাহিনীটি।   

মার্কিন নৌবাহিনীর অপারেশন্স চিফ অ্যাডমিরাল জন রিচার্ডসন বলেছেন, “নৌবাহিনীর অপরাধ তদন্ত বিভাগ এবং বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তে সহযোগিতা করছে, তবে এ মূহুর্তে কোনো ষড়যন্ত্রের সন্দেহ করা হচ্ছে না।”

অ্যাডমিরাল স্কটের ডেপুটি রিয়ার অ্যাডমিরাল পল শ্লেইজ বাহরাইনভিত্তিক ৫ম নৌবহরের কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি।