যুক্তরাষ্ট্রের আলাস্কায় ভয়াবহ ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.০ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ২৯ মিনিটের এ ভূমিকম্পের সময় লোকজন দৌঁড়ে ভবনগুলো থেকে রাস্তায় নেমে আসে এবং উপকূলীয় এলাকাগুলোতে কিছুক্ষণের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়, খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রতিবেদনে ভূমিকম্পটির উপকেন্দ্র আলাস্কার বৃহত্তম শহর অ্যাঙ্করেজের প্রায় ১১ কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের ৪০ দশমিক নয় কিলোমিটার গভীরে বলে জানানো হয়েছে।
প্রাথমিক কম্পনের পর বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে। এগুলোর মধ্যে প্রথম কম্পনের কয়েক মিনিট পরের ৫.৭ মাত্রার পরাঘাতটি ছিল সবচেয়ে শক্তিশালী, জানিয়েছে ইউএসজিএস।
অ্যাঙ্করেজ শহরের বাসিন্দা প্রায় তিন লাখ, আর শহরটির আশপাশে আরও এক লাখ লোক বাস করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় কর্মকর্তারা ৪০টি পরাঘাত নথিভুক্ত করেছেন; এগুলোর মধ্যে তিনটি ৫ মাত্রার চেয়েও বেশি শক্তিশালী ছিল বলে আলাস্কার ভূমিকম্প সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে।
এক টুইটে সেন্টারটি বলেছে, “পরাঘাতগুলো উদ্বিগ্ন হওয়ার মতো, কিন্তু এ ধরনের একটি বড় ভূমিকম্পের পর এটাই আমরা প্রত্যাশা করতে পারি।”
অপর এক টুইটে আলাস্কার গভর্নর বিল ওয়াকার বলেছেন, “বড় একটি ভূমিকম্পের পর আমি দুর্যোগের ঘোষণা দিয়েছি এবং সরাসরি হোয়াইট হাউসের সঙ্গে সংযোগ রক্ষা করে চলছি। মেজর জেনারেল লরি হুমেল এবং আমি আলাস্কাবাসীদের নিরাপদ রাখার জন্য জরুরি সাড়া নিয়ে কাজ করছি।”
ইউএসজিএসের তথ্যানুযায়ী, ৭.০ মাত্রা বা তারও বেশি মাত্রার ভূমিকম্পে কম করে হলেও সাধারণ স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এবং দুর্বল স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে।
স্থানীয় কর্মকর্তারা ফোন লাইন অতিরিক্ত ব্যস্ত থাকতে পারে জানিয়ে স্থানীয় বাসিন্দাদের নিকটজনের সঙ্গে যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেক্সট বার্তা ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন।
অ্যাঙ্করেজের দমকল বিভাগের প্রধান জোডি হেট্রিক বলেছেন, “সম্ভব হলে ফোন লাইন থেকে দূরে থাকুন, ফোন লাইন চালু রাখা দরকার আমাদের। একে অপরের দিকে নজর রাখুন, প্রতিবেশীদের বিশেষভাবে যারা বয়স্ক ও প্রতিবন্ধী তাদের খোঁজ করুন।”
ভূমিকম্পের কারণে অনেকে আহত হলেও কারো মৃত্যু হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর থেকে আলাস্কার প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন রয়েছেন। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ও কয়েকটি সেতু ধসে পড়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের কারণে বিমান ও ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে।
