২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওড়ার উপযোগী ছিল না ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজটি’

জাভা সাগরে গত মাসে বিধ্বস্ত লায়ন এয়ারের উড়োজাহাজটি ওড়ার উপযোগী ছিল না বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার তদন্তকারীরা। আগের দিনের ফ্লাইটেই উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পরও এটি চালানো হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Nov 2018, 05:26 PM

Updated : 08 Apr 2022, 07:24 PM

২৯ অক্টোবর জাকার্তা থেকে সুমাত্রার পেংকাল পিনাং শহরে যাওয়ার জন্য উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় লায়ন এয়ারের ফ্লাইট জেটি-৬১০ এর সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এসময় উড়োজাহাজটি জাভা সাগরের উপর যেখানে অবস্থান করছিল তার ৩০ থেকে ৩৫ কিলোমিটারের মধ্যে পানিতে সেটির ধ্বংসাবশেষ ভাসতে দেখা যায়। উড়োজাহাজটিতে থাকা ১৮৯ আরোহীর সবার মৃত্যু হয়।

বুধবার ইন্দোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি কমিটির (কেএনকেটি) প্রধান নুরচায়ো উটোমো বলছেন, ২৮ অক্টোবরে বালি থেকে জাকার্তা অভিমুখী ফ্লাইটে ত্রুটিদেখা দেয়। উড়োজাহাজটির এন্টি-স্টল সিস্টেম বন্ধের পরও পাইলট এটি নিয়ে জাকার্তায় যান।

এক সংবাদ সম্মেলনে উটোমো বলেন, “আমাদের মতে, উড়োজাহাজটি ওড়ার উপযোগী ছিল না। তাই এটি নিয়ে ফ্লাইটে যাওয়া উচিত হয়নি।”

ট্রান্সপোর্ট কমিটির (কেএনকেটি) তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আগের ফ্লাইটে বিমানে সমস্যা দেখা দেওয়ার পরও লায়ন এয়ার এটি চালাতে দিয়েছে। কিন্তু তা না করে এয়ারলাইন কর্তৃপক্ষের উচিত ছিল বিমানটির ওড়ার ক্ষেত্রে নিরাপত্তার দিকটি নিশ্চিত করা।