২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডে অ্যাপার্টমেন্টে আগুন লেগে শিশুসহ নিহত ৬

সুইজারল্যান্ডের উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগে শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2018, 02:38 PM

Updated : 08 Apr 2022, 07:23 PM

সোমবার ভোররাতে জোলোঠোন শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আগুনে দগ্ধ আরও অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অ্যাপার্টমেন্টটির এক বাসিন্দা সিঁড়িতে ধোঁয়া লক্ষ্য করে স্থানীয় সময় রাত প্রায় ২টা ১০ মিনিটের দিকে কর্তৃপক্ষকে অবহিত করে।

ওই সময় ভবনটিতে প্রায় ২০ জন লোক ছিল বলে জানিয়েছে তারা।  

বহু দমকল কর্মী ও উদ্ধার কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনটির নিচের অংশে আগুন লেগে ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। এতে পুরো ভবনটি ধোঁয়ায় ছেয়ে যায় এবং ভবনটির জানালা দিয়ে ধোঁয়া বের হতে শুরু করে।

সতর্কতার কারণে পাশের একটি ভবনের বাসিন্দাদেরও সরিয়ে নেওয়া হয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রনে আনার পর ওই ভবনটির বাসিন্দারা তাদের নিজ নিজ বাসায় ফিরে যান। 

দমকল কর্মীরা আগুন লাগার কারণ তদন্ত করে দেখছেন।