২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমলিঙ্গের বিয়েতে তাইওয়ানের জনগণের ‘না’

এশিয়ার দেশগুলোর মধ্যে নাগরিক অধিকারের জন্য সবচেয়ে বেশি সুখ্যাতি থাকা সত্বেও তাইওয়ানের জনগণ সমলিঙ্গের বিয়ের বৈধতায় আপত্তি জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2018, 03:01 PM

Updated : 08 Apr 2022, 07:23 PM

শনিবার এ সংক্রান্ত গণভোটে সংখ্যাগরিষ্ঠ তাইওয়ানি সমলিঙ্গের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে বিবিসি জানিয়েছে।

২০১৭ সালের মার্চে তাইওয়ানের সর্বোচ্চ আদালত দেশটিতে সমলিঙ্গের বিয়ের পক্ষে রায় দিয়েছিল। এ সংক্রান্ত আইন প্রণয়ন ও পুরনো আইনগুলোর সংশোধনে সরকারকে দুই বছরের সময়ও বেঁধে দিয়েছিল তারা।

গণভোটের ফল ওই রায়ের ওপর কী প্রভাব ফেলবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার দেশটিতে স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসী ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) ভরাডুবিরও খবর পাওয়া গেছে।

২০১৪ সালের নির্বাচনে যে ১৩টি শহর ও কাউন্টিতে দলটি বিজয়ী হয়েছিল, এবার তার অর্ধেকেরও বেশি এলাকায় তাদের প্রার্থীরা পরাজিত হয়েছেন।

ফল মেনে নিয়ে ক্ষমতাসীন দলের শীর্ষ পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

২০১৬ সালে সাই ক্ষমতায় বসার পর থেকেই চীনের সঙ্গে তাইওয়ানের টানাপোড়েন বাড়তে থাকে।

ডিপিপির নেত্রী ১৯৯২ সালে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তিকে স্বীকৃতি দিতে রাজি না হওয়ায় বেইজিং তার সঙ্গে কোনো ধরনের আলোচনায় অস্বীকৃতি জানায়।

ওই চুক্তিতে দুটি ভূখণ্ডই ‘এক চীনের’ অন্তর্ভূক্ত বলে স্বীকার করে নেওয়া হয়েছিল।

বিবিসি বলছে, তাইওয়ানে শনিবার যে তিনটি পৃথক ভোট হয় তার কেন্দ্রবিন্দুতে চলে আসে সমলিঙ্গের বিয়ের বিষয়টিই।

রক্ষণশীলরা দেশটির পুরনো বিবাহ আইন বহাল রাখার পক্ষে প্রচার চালায়; যেখানে বিয়েকে পুরুষ ও নারীর মধ্যে সংসার গড়ার বৈধ উপায় হিসেবে দেখা হয়ে থাকে।

আইনটির সংশোধন করে সমলিঙ্গের দম্পতিদের স্বীকৃতি চেয়েছিল অপরপক্ষ।

শনিবারের গণভোটে রক্ষণশীলদের ‘পরিবার-পন্থি’ অংশই জয়ী হয়।

ভোটের আগে তাইওয়ানের সরকার বলেছিল, জনরায় যাই হোক না কেন, আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে তা প্রভাব ফেলবে না।

দেশটির কর্তৃপক্ষ এখন আগের বিবাহ সংক্রান্ত আইন না বদলে, নতুন একটি বিশেষ আইন করার চিন্তা করছে বলেও বিবিসি জানিয়েছে।

গণভোটের ফল নতুন আইনটিকে দুর্বল করে দিতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন সমলিঙ্গের বিয়ের সমর্থকরা।

এতে সমকামী দম্পতিকে আইনী সুরক্ষা দেওয়ার বিষয়টি থাকলেও তাদের বিয়েকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না বলেও অনেকে ধারণা করছেন।

প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনে তার দলের ভরাডুবির কথা স্বীকার করে নিয়েছেন।

“আমাদের চেষ্টা যথেষ্ট ছিল না, এবং আমরা আমাদের সমর্থকদের হতাশ করেছি,” বলেছেন তিনি।

মেয়র, কাউন্সিলর ও টাউনশিপ চিফসহ ১১ হাজার পদে এবার প্রায় ২১ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ভোটের ফলে চীনের মিত্র হিসেবে পরিচিত দল কুমিনতাংয়ের (কেএমটি) নাটকীয় প্রত্যাবর্তন দেখা গেছে। দলটি তাইওয়ানের ২২টি শহর ও কাউন্টির ১৫টিতেই বিজয়ী হয়েছে।