শিখদের জন্য কর্তারপুর করিডর গড়বে ভারত-পাকিস্তান
ভারতীয় শিখ পূণ্যার্থীদের জন্য পাকিস্তানে শিখদের পবিত্র উপাসনাস্থল গুরুদুয়ারা দরবার সাহিব কর্তারপুরে যাতায়াতের পথ সুগম করতে সীমান্তে নতুন রাস্তা বানাতে রাজি হয়েছে দিল্লি ও ইসলামাবাদ।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তাদের অংশে এ নতুন করিডর নির্মাণের কাজ এ মাস শেষেই শুরু করতে পারে। তবে ভারতের অংশে কখন কাজ শুরু হবে তা এখনো ঘোষণা করা হয়নি।
ভারত জানিয়েছে, তারা পুরোপুরি তাদের খরচেই এ রাস্তা তৈরি করবে। পাকিস্তান জানিয়েছে, তারাও একইভাবে তাদের অংশে কাজ করবে।
পাক-ভারত আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় পাকিস্তানের ভেতরে পড়ে কর্তারপুর। প্রতি বছর ভারত-পাকিস্তান দু’দেশেরই হাজারো শিখ পুণ্যার্থী দরবার সাহিব কর্তারপুরে প্রার্থনা করতে যান।
সেখানে গুরু নানক জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছিলেন বলে জনশ্রুতি আছে। আর সে কারণেই শিখ সম্প্রদায়ের কাছে জায়গাটি অত্যন্ত পবিত্র। সেই গুরুনানকের ৫৫০-তম জন্মবার্ষিকীকে সামনে রেখে শিখদের যাতায়াত সহজ করতে দু’দেশ সীমান্তে করিডর গড়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতে পাঞ্জাবের গুরদাসপুর জেলার ডেরা বাবা নানক থেকে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত রাস্তা তৈরি করা হবে। আর পাকিস্তানের অংশে করিডোর হবে গুরুদুয়ারা দরবার সাহিব কর্তারপুর থেকে।
১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর থেকে ভারতীয়দের ওই উপাসনাস্থলে যাওয়া সীমিত হয়ে যায়। ভিসা পেতেও তাদেরকে অনেক কষ্ট করতে হত। এখন নতুন রাস্তা নির্মাণ হয়ে গেলে সারা বছরই পুণ্যার্থীরা খুব সহজে কর্তারপুর যেতে পারবেন। পুণ্যার্থীদের সুবিধার জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থেই করিডরে থাকবে বলে জানিয়েছে ভারত।
পাকিস্তানের পক্ষ থেকে এ করিডর নির্মাণের সিদ্ধান্তকে দু’দেশের জন্যই শান্তি প্রচেষ্টায় একটি জয় বলে বর্ণনা করা হয়েছে। ওদিকে ভারত বলেছে. কর্তারপুর যাওয়ার পথে থাকা পূণ্যার্থীদেরকে আন্তর্জাতিক বিমানবন্দরের মতই সুযোগ সুবিধা দেওয়া হবে।
