মার্কিন বিচারবিভাগ নিয়ে ট্রাম্প-প্রধান বিচারপতির দ্বৈরথ
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এক বিচারককে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার কড়া জবাব দিয়েছেন মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস।
বিরল এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, মার্কিন বিচারকরা কোনও নির্দিষ্ট গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন না, তারা বিচারপ্রার্থী সবার সমান অধিকার নিশ্চিতে কাজ করেন।
স্বাধীন বিচারবিভাগের জন্য যুক্তরাষ্ট্রের সব নাগরিকেরই কৃতজ্ঞ থাকা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সোমবার মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় প্রার্থনার আবেদন ঠেকাতে ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপের ওপর স্থগিতাদেশ দিয়ে মার্কিন প্রেসিডেন্টের চক্ষুশূল হন বিচারক জন টাইগার।
সান ফ্রান্সিসকোর নাইন্থ সার্কিট আপিল আদালতের এ বিচারক সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নিয়োগ পেয়েছিলেন।
সেদিকে ইঙ্গিত করে মঙ্গলবার টুইটারে ট্রাম্প বলেন, “ইনি ওবামার বিচারক। আমি আপনাদের বলতে চাই, এরকমটা আর হচ্ছে না।”
মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার রবার্টস বলেন, “আমাদের ওবামার বিচারক নেই, নেই ট্রাম্পের, বুশের কিংবা ক্লিনটনের বিচারক।
“আমাদের যা আছে তা হল অসাধারণ একদল নিবেদিত বিচারক, যারা তাদের সামনে দাঁড়ানো সবার সমান অধিকার নিশ্চিতে তাদের সর্বোচ্চটুকু দিচ্ছে। স্বাধীন বিচারবিভাগ এমন একটি বিষয়, যার জন্য আমাদের সবারই কৃতজ্ঞ থাকা উচিত।”
কেন্দ্রীয় আদালত ও এর বিচারকদের বিরুদ্ধে ট্রাম্পের একের পর এক সমালোচনা ও উপহাসের জবাবে এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি মুখ খুললেন বলে জানিয়েছে রয়টার্স।
রবার্টসের এ প্রতিক্রিয়ার বিরুদ্ধেও পাল্টা মন্তব্য করেছেন ট্রাম্প।
“দুঃখিত, প্রধান বিচারপতি জন রবার্টস; আপনাদের কাছে এখনো ওবামার বিচারকরা রয়েছেন। তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের তীব্র পার্থক্য রয়েছে,” টুইটারে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের সংবিধানে বিচার বিভাগকে আইন ও নির্বাহী বিভাগের সমমর্যাদা দেওয়া হয়েছে। সরকারের ভেতর ক্ষমতার ভারসাম্য তৈরি ও জবাবদিহিতা নিশ্চিতের জন্যই এ ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
নতুন প্রেসিডেন্টকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আবার কেন্দ্রীয় আদালতের বিচারকদের মনোনয়ন দেন প্রেসিডেন্ট, নিয়োগ অনুমোদনের এক্তিয়ার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের হাতে।
সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে নিয়োগ পাওয়া জন রবার্টসই নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকে শপথ পড়িয়েছিলেন।
সাধারণত নয় সদস্যের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিই সভাপতির দায়িত্ব পালন করেন।
প্রেসিডেন্ট বা নির্বাহী বিভাগের কোনো কর্মকর্তার কোনো মন্তব্যের বিরুদ্ধে সাধারণত প্রধান বিচারপতি কোনো প্রতিক্রিয়া দেখান না।
যে কারণে বুধবার গণমাধ্যমে দেওয়া রবার্টসের বিবৃতিটিকে বিরল হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
“ট্রাম্প যে দায়িত্বশীল রাজনৈতিক আলাপের বাইরে চলে গেছেন রবার্টের বিবৃতি তার একটি ইঙ্গিত। দীর্ঘ সময় ধরে প্রধান বিচারপতি কোনো প্রতিক্রিয়া দেখাননি। কিছু বিষয়ে পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে যে রবার্ট বুঝেছেন- অনেক হয়েছে, এবং তার কিছু বলা দরকার,” বলেছেন ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ইলিয়া সোমিন।
বুধবার ক্যালিফোর্নিয়াসহ নয়টি পশ্চিমাঞ্চলীয় রাজ্যের আপিল আবেদন শুনানির দায়িত্বে থাকা নাইন্থ সার্কিট কোর্টের বিরুদ্ধেও একহাত নেন মার্কিন প্রেসিডেন্ট। এ আদালতকে ‘লজ্জাজনক’ অ্যাখ্যা দিয়ে বিশাল এলাকার দায়িত্বে থাকা নাইন্স সার্কিটকে ভেঙে দেওয়ারও পরামর্শ দেন তিনি।
এর আগেও বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ওপর দেওয়া ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে দিয়েছিল এ আদালত। আটকে দিয়েছিল অবৈধ অভিবাসীদের শিশু সন্তানদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার বিতর্কিত একটি পদক্ষেপও।
ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে দেওয়া বিচারককে ‘তথাকথিত বিচারক’ হিসেবেও অ্যাখ্যা দিয়েছিলেন ট্রাম্প।
ট্রাম্প বিশ্ববিদ্যালয় নিয়ে হওয়া মামলায় তার বিরুদ্ধে এক বিচারক ‘পক্ষপাতমূলক রায়’ দিয়েছিলেন বলেও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে অভিযোগ করেছিলেন তিনি।
বিচারক মেক্সিকান-আমেরিকানদের উত্তরসূরী হওয়ায় তার বিরুদ্ধে ওই পক্ষপাত হয়েছিল বলেও দাবি তার।
দায়িত্ব পাওয়ার পর থেকে অবশ্য সুপ্রিম কোর্টকে অনেকটাই নিজের কব্জায় নিয়ে এসেছেন ট্রাম্প। সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে এরই মধ্যে তিনি ব্রেট কাভানহ ও নেইল গোরসেচের মত কট্টরপন্থিদের সুপ্রিম কোর্টের বিচারক বানিয়েছেন।
