২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় গুলি: সন্দেহের তীর সাবেক মেরিন সদস্যের দিকে

মানসিকভাবে অসুস্থ সাবেক এক মেরিন সেনাই ক্যালিফোর্নিয়ার ব্যস্ত বারে গুলি চালিয়ে এক পুলিশসদস্যসহ ১২ জনকে হত্যা করেছে বলে ধারণা মার্কিন তদন্ত কর্মকর্তাদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2018, 01:27 PM

Updated : 11 Oct 2022, 12:45 PM

পুরনো খবর:

ক্যালিফোর্নিয়ায় বারে ঢুকে গুলি, নিহত ১২

বুধবার স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে লস এঞ্জেলসের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে থাউজ্যান্ড ওকস শহরে এ গুলির ঘটনা ঘটে।

সেসময় ওই বারে ২০০রও বেশি মানুষ ছিল বলে জানিয়েছে বিবিসি।

পুলিশ পরে সন্দেহভাজন হিসেবে ২৮ বছর বয়সী ইয়ান ডেভিড লংয়ের নাম জানায়। সাবেক এ মেরিন সেনার বিরুদ্ধে বাড়িতে ‘যুক্তিহীন আচরণের’ অভিযোগ ছিল, যদিও চলতি বছর পুলিশের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা ওই অভিযোগ থেকে তাকে মুক্তি দিয়েছিলেন।

ক্যালিফোর্নিয়ার বারে ঢোকার আগে কালো পোশাক পরিহিত হামলাকারী বাউন্সারকে গুলি করেছিল, জানিয়েছে পুলিশ।

গুলি চালানোর আগে বন্দুকধারী স্মোক গ্রেনেডও ছোড়ে, সেসময় বারের ভেতর শিক্ষার্থীদের কলেজ কাউন্টি মিউজিক চলছিল, ভাষ্য প্রত্যক্ষদর্শীদের।

হামলাকারী একটি পয়েন্ট ৪৫ ক্যালিবার গ্লক সেমি-অটোমেটিক বন্দুক দিয়ে গুলি চালিয়েছিল। অস্ত্রটি বৈধ থাকলেও এর সঙ্গে ছিল বিস্তৃত ম্যাগাজিন, ক্যালিফোর্নিয়ার আইনে যা ব্যবহার করা নিষিদ্ধ।

কতগুলি গুলি ছোড়া হয়েছিল কিংবা হামলার সময় বন্দুকে ফের গুলি ভরা হয়েছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

পরে এক বিবৃতিতে মার্কিন সশস্ত্রবাহিনী জানায়, ইয়ান ডেভিড লং ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত মেরিন বাহিনীতে মেশিনগান চালাতেন। সর্বশেষ তিনি কর্পোরাল পদে দায়িত্বে ছিলেন।

লং ২০১০ এর নভেম্বর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত আফগানিস্তানেও ছিলেন, অর্জন করেছেন মেরিন কর্পসের গুড কনডাকট মেডেল, আফগানিস্তার ক্যাম্পেইন মেডেল, গ্লোবাল ওয়ার অন টেররিজম সার্ভিস মেডেল।