ট্রাম্পের পায়ে বেড়ি, বিদেশে আরো অনাসৃষ্টির আশঙ্কায় ইউরোপ
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পায়ে বেড়ি পড়ায় এখন বৈদেশিক নীতিতে তার আরো বেশি অনাসৃষ্টি ঘটানোর আশঙ্কায় পড়েছে ইউরোপ।
আগামী কয়েক বছরে ট্রাম্প বৈদেশিক নীতির ক্ষেত্রে আরো অনেক সমস্যা ডেকে আনতে পারেন বলেই আশঙ্কা ইউরোপের রাজনীতিবিদ, কূটনীতিক ও বিশ্লেষকদের; বিশেষ করে বাণিজ্য নিয়ে সংঘাতটাই সবচেয়ে বেশি উদ্বেগের।
ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাওয়ায় এখন আয়কর বিল, বাণিজ্য বিষয়ে যেকোনো সিদ্ধান্ত এবং ২০১৬ নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে এবং তদন্ত কমিটি গঠন করতে পারবে।
চাইলে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুত মেক্সিকো সীমান্ত প্রাচীরের তহবিল, দ্বিতীয়বারের মত বড় ধরনের কর রেয়াতেও বাগড়া দিতে পারবে। কিন্তু বৈদেশিক নীতির ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা বলে ট্রাম্প অনেক বিষয়ে নিজের মত করেই সিদ্ধান্ত নিতে পারবেন।
ডেমোক্র্যাটরা হয়ত সৌদি আরব কিংবা রাশিয়ার ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাম্পকে চাপ দিতে পারবে। কিন্তু চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং ইরানের ক্ষেত্রে কঠোর পদক্ষেপের মতো বড় বড় বিষয়গুলোতে ডেমেক্র্যাটরা তেমন কোনো পরিবর্তন ঘটাতে পারবে না।
জার্মানির একটি বেতারে দেশটির বুন্ডেসটাগে পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রধান বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী ক্ষমতা বিশেষ করে বৈদেশিক নীতির ক্ষেত্রে তার এ ক্ষমতা এখনো অক্ষুন্ন আছে।”
তিনি বলেন, “হাউজে ট্রাম্পের পরাজয়ে ট্রাম্প এখন যে তোপ দাগবেন সেজন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার।”
ট্রাম্প হয়ত এখন চীন, ইরান, মেক্সিকো দেয়াল নিয়ে আরো উঠেপড়ে লাগবেন। তার দেশীয় কর্মসূচিগুলো বাধার মুখে পড়লে তিনি বৈদেশিক নীতির দিকেই বেশি মনোনিবেশ করতে পারেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
আর বৈদেশিক নীতির ক্ষেত্রে বাণিজ্য এমন একটি ক্ষেত্র যেখানে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই পদক্ষেপ নিতে পারবেন। ইউরোপীয় কয়েকজন কূটনীতিক এবং বিশ্লেষকের মতে, ট্রাম্পের দেশীয় কর্মসূচিগুলো থমকে গেলে তিনি হয়ত চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ জিইয়ে রাখবেন, কিংবা তা আরো বাড়াতেও পারেন।
তাছাড়া, দেশে সমস্যায় পড়লে ট্রাম্প হয়ত তখন ইউরোপের সঙ্গে বাণিজ্য নিয়ে সংঘাতে জড়ানোর হুমকির পথেই এগুতে পারেন। জার্মানির গাড়ি আমদানির ওপর শুল্কারোপ করতে পারেন তিনি।
