হেলিকপ্টারে বিয়ের আসর ছাড়ার পর দুর্ঘটনায় বর-কনের মৃত্যু
নিজেদের বিয়ের আসর থেকে হেলিকপ্টারে করে রওনা হওয়ার পর আকাশযানটি বিধ্বস্ত হয়ে বর-কনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা, খবর বিবিসির।
নবদম্পতি উয়িল বায়লার ও বেইলি অ্যাকারমান বায়লার সাম হিউস্টন স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবাদপত্রেই প্রথম তাদের মৃত্যুর সংবাদ ছাপা হয়।
ওই দিন তাদের বিয়ের মাত্র দেড় ঘন্টা পর সান আন্টোনিও থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে ইভালদিতে বায়লারদের পারিবারিক পশু খামারের কাছে পাহাড়ি এলাকায় তাদের বহনকারী বেল ২০৬বি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তারা দুজনেই সাম হিউস্টন স্টেট বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ছবি: ফেইসবুক
পাইলট লরেন্স মার্কিন সেনাবাহিনীর এক ক্যাপ্টেন ছিলেন এবং তিনি ভিয়েতনাম যুদ্ধে লড়াইও করেছেন বলে জানিয়েছে তার পরিবারের এক সদস্য।
বিয়ের আসর থেকে নবদম্পতি যখন তাদের পারিবারিক হেলিকপ্টারটিতে উঠছিলেন তখন সেখানে তাদের বিশ্ববিদ্যালয়ের সতীর্থরা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লরেন্স অনেক বছর ধরেই এই হেলিকপ্টারটি পাইলট হিসেবে ছিলেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) ঘটনাটি তদন্ত করে দেখছে।
