২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ভাসমান ১৮ মাসের শিশু উদ্ধার

সাগরে ভেসে থাকা অবস্থায় ১৮ মাসের এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন নিউজিল্যান্ডের এক জেলে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2018, 08:16 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

বিবিসি জানায়, ঘটনাটি গত ২৬ অক্টোবরের। নর্থ আইল্যান্ডের মাতাতা সৈকতে একটি ‘হলিডে ক্যাম্পে’ মাছ ধরছিলেন গাস হাট। হঠাৎ করেই তিনি পানিতে ছোট একটি বস্তু ভাসতে দেখেন।

শুরুতে তিনি সেটিকে পুতুল ভেবেছিলেন। পানি থেকে তোলার পর শিশুটি কেঁদে উঠলে তিনি বুঝতে পারেন সে একটি ছোট্ট ছেলে।

‘নিউজিল্যান্ড হেরাল্ড’ পত্রিকাকে তিনি বলেন, “আমি ভেবেছিলাম একটি পুতুল সোজা ভেসে যাচ্ছে। শুরুতে আমি গুরুত্ব দেইনি। কিন্তু কী মনে করে আমি পানিতে নেমে যখন তার বাহু ধরে টেনে তুলি তখনও সেটিকে পুতুলই ভাবছিলাম।”

“তার চেহারা পুতুলের মতই ছিল, কিন্তু হঠাৎ করেই সে একটু কেঁদে উঠে। আমি বলে উঠি, হায় ঈশ্বর! এটা তো একটা শিশু এবং সে বেঁচে আছে।”

হাটের স্ত্রী সু ক্যাম্প কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তারা খোঁজ নিয়ে জানতে পারেন, ক্যাম্পে তখন একটি মাত্র জুটি তাদের শিশু সন্তান নিয়ে অবস্থান করছিল। পুলিশকেও খবর দেওয়া হয়।

ক্যাম্প কর্তৃপক্ষ বলেন, “মনে হচ্ছে সৈকতে এসে শিশুটি খুব আনন্দ পেয়েছিল। একদিন আগেই বাবা-মায়ের সঙ্গে সে এখানে আসে। তারা একটি তাঁবুতে ছিল। সম্ভবত তাঁবুর জিপার খোলা পেয়ে সে বেরিয়ে আসে এবং সমুদ্রে চলে যায়।”

শিশুটি পানিতে ভেসে যাচ্ছিল এবং সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে শুনে তার মা চিৎকার করে উঠে। পরে ওই দম্পতি হাটকে ধন্যবাদ দিয়ে বাড়ি ফিরে যান।