খাশুগজির দেহ ফিরে পাওয়ার আর্তি সন্তানদের
সৌদি সাংবাদিক জামাল খাশুগজির মৃতদেহ ফেরত পওয়ার আকুল আবেদন জানিয়েছেন তার সন্তানরা।
খাশুগজি নিহতের ঘটনার পর ওয়াশিংটনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া প্রথম সাক্ষাৎকারে এ আর্তি জানিয়ে খাশুগজির দুই ছেলে সালাহ ও আবদুল্লাহ খাশুগজি বলেন, তারা বাবার দেহ ফেরত চান এবং তাকে সৌদি আরবের মদিনায় সমাহিত করতে চান।
বিষয়টি নিয়ে সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে এবং তাড়াতাড়িই একটা কিছু ঘটার আশা করছেন বলে জানান দুই ছেলে।
গত ২ অক্টোবরে তুরস্কে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢোকার পর থেকে আর বেরিয়ে আসেননি খাশুগজি। রিয়াদই ঘাতক দল পাঠিয়ে তাকে হত্যা করেছে বলে যুক্তি দেখিয়ে আসছে তুরস্ক। তারা এখনো খাশুগজির দেহ খুঁজছে।
গত শুক্রবার তুরস্কের প্রধান কৌসুলির কার্যালয় থেকে বলা হয়েছে খাশুগজি কনস্যুলেটে ঢোকামাত্র তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং পরে দেহ টুকরো টুকারো করে এসিড দিয়ে গলিয়ে ফেলা হয়েছে।
তদন্তকারীরা বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানানো হয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এর প্রতিবেদনে। ওদিকে, সৌদি আরবের রাজপরিবার খাশুগজির মৃতদেহের ব্যাপারে কোনো কিছু জানা থাকার কথা অস্বীকার করেছে।
খাশুগজি নিহত হওয়ার পর এক মাস পেরিয়ে গেছে। এখন বাবাকে যথাযথভাবে সমাহিত করতে পারাটাই সন্তানদের চাওয়া। বাবা খাশুগজিকে নির্ভীক,উদার ও সাহসী বলে বর্ণনা করেন তার দুই ছেলে। বাবার দেখা না পেয়ে এতদিন ধরে মনঃকষ্ট আর অনিশ্চয়তায় ভুগছেন বলে জানান তারা।
“আশা করছি তিনি কষ্ট পেয়ে মারা যাননি বা তাকে দ্রুতই হত্যা করা হয়েছে কিংবা শান্তিপূর্ণভাবেই তার মৃত্যু হয়েছে,” বলেন আবদুল্লাহ খাশুগজি।
