২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনের বিরোধীদলীয় নেতার যাবজ্জীবন কারাদণ্ড

কাতারের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষীসাব্যস্ত বাহরাইনের প্রধান বিরোধী দলীয় নেতা শেখ আলি সালমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আপিল আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Nov 2018, 10:12 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

শত্রু রাষ্ট্রের সঙ্গে ‘আঁতাতের’ অভিযোগে কয়েকমাস আগে ‘বাহরাইনি হাই কোর্ট অব ফার্স্ট টিয়ার’ সালমানকে দোষী সাব্যস্ত করে।

২০১৭ সালে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে বাহরাইন।

মানবাধিকার সংগঠনগুলো এ রায়কে ‘বিচারের নামে প্রহসন' বলে বর্ণনা করেছে। অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অংশের পরিচালক হেবা মোরায়েফ বলেন, “এ রায়……যেকোনো ধরনের বিরোধী মতকে চুপ করাতে বাহরাইন কর্তৃপক্ষের নিষ্ঠুর এবং অবৈধ উদ্যোগ।”

আলি সালমান বাহরাইনে নিষিদ্ধ ঘোষিত আল-ওয়াফেক আন্দোলনের নেতা। ২০১১ সালে তার বিরুদ্ধে কাতারের যোগসাজশে সরকার বিরোধী আন্দোলন উসকে দেওয়ার অভিযোগ আনা হয়। ২০১৫ সাল থেকে তিনি কারাগারে আছেন।

একই অভিযোগে গ্রেপ্তার অপর দুই বিরোধী নেতা হাসান সুলতান এবং আলি আল-আসওয়াদকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

শিয়া অধ্যুষিত বাহরাইনের ক্ষমতায় থাকা সুন্নি মুসলিম রাজপরিবার দেশটির বেশিরভাগ সরকারি উচ্চপদ নিজেদের দখলে রেখেছে। অন্যদিকে, শিয়াদের দল আল-ওয়াফাক ২০১১ সালের আগে পার্লামেন্টে দেশটির প্রধান বিরোধী দল ছিল।

২০১১ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্রের দাবিতে আরব দেশগুলোতে যে আন্দোলন শুরু হয় তার ধাক্কা বাহরাইনেও লাগে। আল-সালমানের নেতৃত্বে প্রধানত শিয়া মুসলমানরা গণতন্ত্রের দাবিতে রাস্তায় আন্দোলন শুরু করে।

মিত্রদেশ সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তায় বাহরাইনের আল খলিফা রাজপরিবার ওই আন্দোলন দমনে সফল হয়। কর্তৃপক্ষ অন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে এবং শতশত সরকার বিরোধীকে কারাগারে পোরা হয়।

আন্দোলনে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক এবং পাঁচ পুলিশ নিহত হন। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয়েরই বাহরাইনে নৌঘাঁটি আছে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, প্রতিরক্ষা এবং নিরাপত্তা কৌশলগত বিবেচনায় বাহরাইনের অবস্থান গুরুত্বপূর্ণ হওয়ায় আন্তর্জাতিক অঙ্গন দেশটির সরকারের দমনপীড়নের বিরুদ্ধে কথা বলছে না।