২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স থেকে স্বাধীনতার বিপক্ষে রায় নিউ ক্যালেদোনিয়ার গণভোটে

ফ্রান্সের দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাজ্য নিউ ক্যালেদোনিয়ার গণভোটে স্বাধীনতার বিপক্ষে রায় দিয়েছে ভোটাররা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 09:38 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

নিউ ক্যালেদোনিয়া ফ্রান্সের সঙ্গেই থাকবে নাকি স্বাধীন দেশ হবে- সে প্রশ্নে রোববার সকালেই রাজ্যের রাজধানীতে ভোট দেন ভোটাররা।

ফলে দেখা গেছে, ৫৬ দশমিক ৪ শতাংশ ভোটার ফ্রান্সের অংশ হিসাবেই থাকার পক্ষে ভোট দিয়েছে। আর বিপক্ষে ভোট দিয়েছে ৪৩ দশমিক ৬ শতাংশ ভোটার।

ভোটার উপস্থিতি ছিল প্রায় ৮১ শতাংশ। স্বাধীনতার জন্য সহিংস আন্দোলন অবসানে ১৯৮৮ সালে একটি চুক্তিতে এ গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিল ফ্রান্স।

রোববারের গণভোটের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “ফ্রান্সের প্রতি ভোটারদের আস্থাই প্রকাশ পেয়েছে।” শেষ পর্যন্ত এ ঐতিহাসিক ধাপ একসঙ্গে পেরোতে পেরে গর্বিত বলে মন্তব্য করেন তিনি।

নিউ ক্যালেদোনিয়ার জাতিগত ইউরোপীয়দের মধ্যে ফরাসি জাতীয়তাবাদ প্রবল। এদের সংখ্যা মোট জনসংখ্যার ২৭ দশমিক ১ শতাংশ। তাছাড়া, কনক জাতিগোষ্ঠীর অনেকেই ফ্রান্সের সঙ্গে থাকার পক্ষপাতী বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।