যৌন হয়রানি-বৈষম্যের অভিযোগ, বিশ্বজুড়ে গুগল কর্মীদের ওয়াকআউট
কর্মক্ষেত্রে বৈষম্য, যৌন হয়রানি ও বর্ণবাদের মত একাধিক অভিযোগে বিশ্বজুড়ে গুগলের কার্যালয়গুলো থেকে ওয়াকআউট করতে শুরু করেছেন শত শত কর্মী ও ঠিকাদার।
বৃহস্পতিবার কোম্পানির বিরুদ্ধে ওইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুরু হয় এ প্রতিবাদ। সুইজারল্যান্ডের জুরিখ, লন্ডন, টোকিও, সিঙ্গাপুর, বার্লিন এমনকি ভারতেও গুগল কর্মীরা ওয়াকআউট করেছে।
এতে সামিল হওয়া অনেকেই বলেছেন, তারা তাদের সহকর্মীদের সমর্থনে ওয়াকআউটে নেমেছেন। যারা কর্মক্ষেত্রে যৌন হয়রানির মতো প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছেন। এ সমস্ত অপকর্মের হোতারা যাতে অপরাধ করে পার না পান কিংবা পুরষ্কৃত না হোন সেজন্যই এ আন্দোলন। এ প্রতিবাদ-বিক্ষোভ কে বলা হচ্ছে ‘গুগল ওয়াকআউট’।
২০১৪ সালে গুগলের তৎকালীন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ডি রুবীনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ থাকার পরও তাকে ৯ কোটি ডলারের ‘এক্সিট প্যাকেজ’ দেওয়া হয় বলেও উল্লেখ করা হয় নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে। রুবীন এ অভিযোগ অস্বীকার করেছেন। তবে গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হলে হৈচৈ শুরু হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টা ১০ মিনিটের দিকে ওয়াকআউট করতে শুরু করেন বিভিন্ন দেশের গুগলকর্মীরা। তারা কোম্পানির ব্যবস্থাপনায় বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দাবি করেছেন। বিশেষ করে যৌন হয়রানি এবং বৈষ্যমের ক্ষেত্রে সালিস-নিষ্পত্তিতে বাধ্য করার প্রক্রিয়ার অবসান চান তারা।
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই কর্মীদের এ আন্দোলন সমর্থন করেছেন। সংস্থা সব সমস্যা শুনেছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
কিন্তু এতেই সন্তুষ্ট নন কর্মীরা। গুগলের বহুজাতিক এলফাবেট কোম্পানির ৯৪ হাজার কর্মী এবং আরো প্রায় লাখখানেক ঠিকাদার লভ্যাংশের অসম বন্টনের অভিযোগ করেছেন এবং এর কারণে তারা অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন।
