২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি সংস্থার সহায়তায় স্বামীকে খুঁজছেন মেংয়ের স্ত্রী

একমাস আগে চীনে আটক  আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান মেং হোংউইরি স্ত্রী গ্রেস দুটো আইনি সংস্থার সহায়তা নিয়ে তাকে খুঁজে বের করার চেষ্টা করছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Oct 2018, 10:07 PM

Updated : 08 Apr 2022, 07:14 PM

গত ২৫ সেপ্টেম্বরে ফ্রান্সের লিওঁ থেকে চীনে যাওয়ার পর মেং নিখোঁজ হন।শুরুতে এ বিষয়ে চুপচাপ থাকলেও পরে চীন সরকার তাকে গ্রেপ্তার করার কথা স্বীকার করে। দেশটি মেংয়ের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং আরও কয়েকটি আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরুর দাবি করেছে।

কিন্তু ২৫ সেপ্টেম্বরে ফোনে মেং এর কাছ থেকে সর্বশেষ মেসেজ পাওয়ার পর তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি স্ত্রীর।আর সেকারণেই এখন স্বামীর খোঁজে নেমেছেন তিনি।

ইমেইলে এক বিবৃতিতে মেং এর স্ত্রী গ্রেস বলেন, “আমার স্বামী নিখোঁজ হওয়ার পর বিশ্বের সব প্রান্ত থেকে লোকজন আমাকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন।

“সর্বপরি, আমি সবার কাছে অনুরোধ করছি তারা যেন চীনের কাছে আমাদের পরিবারের মৌলিক মানবিক অধিকারের প্রতি সম্মান দেখানোর দাবি জানায়।”

রাজনৈতিক কারণেই মেং নিখোঁজ হন বলেও মনে করেন তিনি। স্বামীকে খুঁজে বের করতে গ্রেস  লন্ডন এবং প্যারিস ভিত্তিক দুইটি ল ফার্মের আইনজীবীদের নিয়োগ করার সিদ্ধান্ত নেন।

মেং নিখোঁজ হওয়ার কয়েক দিন পর থেকেই ফ্রান্স বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।ইন্টারপোল কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ হওয়ার চারদিন পর তারা মেংয়ের পদত্যাগপত্র হাতে পায় এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা হয়।

মেংয়ের স্ত্রী গ্রেসই প্রথম ইন্টারপোলকে তার নিখোঁজ হওয়ার খবর দেন।

চীনের দাবি, তারা গ্রেসকে তার স্বামীর সঙ্গে টেলিফোনে কথা বলিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

মেংকে ঠিক কবে গ্রেপ্তার করা হয়েছে যে বিষয়ে চীন স্পষ্ট করে কিছু বলেনি। তাকে কোনো আইনি সুবিধা দেওয়া হচ্ছে কিনা তাও জানা যায়নি।

মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কং বলেন, সব পরিস্থিতিতেই চীন সরকার দেশটির সব নাগরিকের আইনি অধিকার সুরক্ষা করে।

“আমরা এরই মধ্যে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি এবং তাকে টেলিফোনে মেংয়ের সঙ্গে কথা বলার প্রস্তাব দিয়েছি।

“অথচ তার স্ত্রী একদিকে বলছেন তিনি তার স্বামীর অবস্থান জানেন না, অন্য দিকে তার সঙ্গে টেলিফোনে কথা বলতে চাইছেন না। কেন তিনি এমনটা করছেন তা আমরা জানি না।”

মেং নিখোঁজ হওয়ার পর লিওঁ তে তার পরিবারকে ২৪ ঘণ্টা সুরক্ষা দিচ্ছে ফ্রান্স পুলিশ।

২০১৬ সালের নভেম্বরে ইন্টারপোলের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে মেং চীনের পাবলিক সিকিউরিটি বিভাগের একজন ভাইস মিনিস্টার ছিলেন। আন্তর্জাতিক পুলিশ সংস্থায় তার মেয়াদ ছিল ২০২০ সাল পর্যন্ত।

প্রেসিডেন্ট হিসেবে মেং সংস্থাটির নির্বাহী কমিটির নেতৃত্ব দিতেন, যারা ইন্টারপোলের কর্মকাণ্ডের সার্বিক দিক নির্দেশনা ও নানান বিষয়ে পরামর্শ দিত।