২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে পুলিশ কম্পাউন্ডের বাইরে আত্মঘাতী হামলা, নিহত ৫

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ওয়ারদাকে আত্মঘাতী হামলায় অন্তত ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2018, 02:11 PM

Updated : 08 Apr 2022, 07:14 PM

শনিবার সকালে কাবুল থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত ময়দান শহরে আত্মঘাতী এক হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি গাড়ি উড়িয়ে দিলে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশের একটি বিশাল কম্পাউন্ডের বাইরে হওয়া ওই বিস্ফোরণের সময় পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিকরা ঘাঁটিটিতে ঢুকছিলেন।

কম্পাউন্ডটি মার্কিনিরা নির্মাণ করেছিল, এতে হাজারেরও বেশি পুলিশ সদস্যের বাস বলে জানিয়েছে রয়টার্স। এখান থেকেই আফগান পুলিশ কাছাকাছি দুটি প্রদেশে অভিযান পরিচালনা করে।     

নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্য ও তিন বেসামরিক আছেন বলে জানান প্রাদেশিক পুলিশপ্রধানের মুখপাত্র হেকমত দুররানি।

ধসে পড়া দেয়াল ও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের বের করার চেষ্টা চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা তার।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীই হামলায় দায় স্বীকার করেনি। তবে পশ্চিমা সমর্থিত কাবুল সরকারের সঙ্গে যুদ্ধে লিপ্ত তালেবানরা গত কয়েক বছর ধরে সরকারি স্থাপনাগুলোতে এ ধরনের হামলা চালিয়ে আসছিল।

কাবুলের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ ওয়াদারকে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রদেশ হিসেবে বিবেচনা করা হয়।

আফগানিস্তানের একটা ম্যাপ দিয়ে বিশ্ব পাতার টি৩তে দেন