২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইপ বোমা: ফ্লোরিডায় ডাকঘরে তল্লাশি

কয়েকজন শীর্ষ ডেমক্রেটিক নেতা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাকারীদের নামে ডাকযোগে কে বা কারা পাইপ বোমা পাঠিয়েছে তার খোঁজে মিয়ামির কাছে একটি ডাকঘরে এফবিআই তল্লাশি চালিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2018, 01:44 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

বৃহস্পতিবার রাতে ওই তল্লাশি অভিযান চালানো হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এ বিষয়ে এফবিআইয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং অভিনেতা রবার্ট ডি নিরোরসহ আরও কয়েকজনের নামে ডাকযোগে পাঠানো অন্তত ১০টি পার্সেলে পাওয়া গেছে পাইপ বোমা।

বিবিসি জানায়, সেগুলোর অন্তত একটি ফ্লোরিডা থেকে পাঠানো হয়েছে।

হালকাভাবে না নিয়ে বরং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও’নিল।

গত সোমবার ধনকুবের জর্জ সোরোসের বাড়িতে প্রথম ডাকযোগে পাইপ বোমা পাঠানো হয়েছিল বলে খবর দিয়েছিল পুলিশ।

ইন্টারনেটে দেখে ওই বোমাগুলো বানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানান পুলিশের এক কর্মকর্তা।

তদন্তকারীদের বিশ্বাস, সবগুলো বোমাই ডাকযোগে পাঠানো হয়েছে। সেগুলো প্রাপকের কাছে পৌঁছানোর আগেই সনাক্ত করা সম্ভব হয়েছে, কোনোটিই বিস্ফোরিত হয়নি।

যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমক্রেটিক নেতা এবং ট্রাম্পের সমালোচকদের ঠিকানায় বোমা পাঠানোর ঘটনা স্বাভাবিকভাবেই রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে।

জো বাইডেন এবং ডি নিরো দুইজনই ট্রাম্পের কড়া সমালোচক। ‘র‌্যাগিং বুল’ এবং ‘মিট দ্য প্যারেন্টস’ ছবির তারকা ডি নিরো অকপটেই প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে থাকেন। ট্রাম্পকে তিনি একবার ‘জাতীয় বিপর্যয়’ আখ্যা দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পও এর আগে পাল্টা নিরোকে কটাক্ষ করে কথা বলেছেন।

ডাকযোগে পাঠানো পাইপ বোমাগুলো যেভাবে বানানো হয়েছে তাতে হত্যা নয় বরং আতঙ্ক সৃষ্টি করাই এর উদ্দেশ্য ছিল বলে মনে করছেন দেশটির বোমা বিশেষজ্ঞ এবং নিরাপত্তা উপদেষ্টারা।

পুরনো খবর:

ওবামা, হিলারির নামে ডাকযোগে পাইপ বোমা
বাইডেন, ডি নিরোর নামেও পাঠানো হল পাইপ বোমা