বাইডেন, ডি নিরোর নামেও পাঠানো হল পাইপ বোমা
বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের নামে ডাকযোগে পাঠানো পার্সেলে পাইপ বোমার পর এবার একই ধরনের বোমা পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং অভিনেতা রবার্ট ডি নিরোর ঠিকানাতেও।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালের দিকে নিউ ইয়র্কে অভিনেতা রবার্ট ডি নিরোর মালিকানাধীন রেস্তোঁরায় ডাকযোগে প্যাকেট পাঠানো হয়। আর বাইডেনের কাছে একই ধরনের প্যাকেট পাওয়া যায় ডেলাওয়ারের একটি ডাক কেন্দ্রে।
পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। এটিও ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারির কাছে পাঠানো বিস্ফোরকের প্যাকেটের মতোই। খাম এবং এর ওপরে লেখা ঠিকানা দেখে এর প্রেরক একই ব্যক্তি বলেই ধারণা পুলিশের। ওই ব্যক্তির খোঁজ শুরু করেছে এফবিআই।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচক এবং বিশিষ্ট ডেমোক্র্যাটদের কাছে একের পর এক এমন বিস্ফোরক ডিভাইস পাঠানোর ঘটনা ঘটছে। জো বাইডেন এবং ডি নিরো দুইজনই প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচক।
‘র্যাগিং বুল’ এবং ‘মিট দ্য প্যারেন্টস’ ছবির তারকা ডি নিরো অকপটেই প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে থাকেন। ট্রাম্পকে তিনি একবার ‘জাতীয় বিপর্যয়’ আখ্যা দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পও এর আগে পাল্টা নিরোকে কটাক্ষ করে কথা বলেছেন।
সোমবার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং ফ্লোরিডার বিভিন্ন জায়গায় কয়েকদফা বিস্ফোরক ডিভাইস পাঠানোর ঘটনায় বিষয়টি নিয়ে সতর্ক থাকা হচ্ছে বলে বুধবার জানিয়েছে কর্তৃপক্ষ।
গত সোমবার বিলিয়নেয়ার জর্জ সোরোসের বাড়িতেও বোমা পাঠানো হয়েছিল বলে খবর দিয়েছিল পুলিশ। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, হেজ ফান্ড ব্যবসায়ী জর্জ সোরোসের নিউ ইয়র্ক সিটির বাড়ির ঠিকানায় পাঠানো বোমাটি তৈরি করা হয়েছিল প্রায় ছয় ইঞ্চি দীর্ঘ একটি পাইপের ভেতরে বিস্ফোরক পাউডার ভরে।
গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন হোয়াইট হাউজের ঠিকানায় পাঠানো পার্সেলেও বোমা পাওয়ার খবর দিয়েছিল। তবে পরে ওই খবর প্রত্যাহার করে নেওয়া হয়।
