যুক্তরাজ্য অ্যাসাঞ্জকে বহিঃসমর্পণ করবে না: একুয়েডর
লাখ লাখ মার্কিন কূটনৈতিক নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাজ্য অন্য কোনো দেশে বহিঃসমর্পণ না করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে একুয়েডর।
চলতি বছরের অগাস্টে কুইটোর জিজ্ঞাসার জবাবে লিখিত উত্তরে লন্ডন এ কথা জানায়, বৃহস্পতিবার একুয়েডরের সরকারি কৌঁসুলি ইনিগো সালভাদর সাংবাদিকদের এ তথ্য দেন বলে খবর রয়টার্সের।
সুইডেনে বহিঃসমর্পণ এড়াতে ২০১২ সালে লন্ডনের একুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ। গত ছয় বছর ধরে সেখানেই বাস এ ‘হুইসেলব্লোয়ারের’।
জামিনের আবেদনের শর্ত লংঘন করায় তার বিরুদ্ধে যুক্তরাজ্যে গ্রেপ্তারি পরোয়ানা আছে। যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আছে কিনা তা স্পষ্ট না হলেও অ্যাসাঞ্জের ভয়, লন্ডন তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে।
যুক্তরাজ্য একুয়েডরকে জানিয়েছে, তারা কোনো দেশ থেকেই অ্যাসাঞ্জকে বহিঃসমর্পণের অনুরোধ পায়নি। জামিনের যে অভিযোগে উইকিলিকস প্রতিষ্ঠাতার নামে পরোয়ানা আছে তাতেও সর্বোচ্চ ছয় মাসের আটকাদেশ মিলতে পারে।
অ্যাসাঞ্জের আইনজীবীর কাছে যুক্তরাজ্যের এ প্রতিক্রিয়ার কথা জানানো হয়েছে, বলেন সালভাদর। এরপরও অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের একুয়েডর দূতাবাসে থাকতে চাইলে সেক্ষেত্রে নতুন শর্ত আরোপ করা হবে।
“অ্যাসাঞ্জকে হয় এই নিশ্চয়তা নিয়ে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের সামনে হাজির হতে হবে, নতুবা একুয়েডর দূতাবাসে থাকতে পারে। যদিও তাকে ছয় বছর ধরে আশ্রয় দেওয়া হয়েছে, এরপরও সমাধানের কোনো লক্ষণ না দেখলে আমরা সুনির্দিষ্ট কিছু বিধান আরোপ করবো,” এক সংবাদ সম্মেলনে বলেন আদালতে একুয়েডর সরকারের প্রতিনিধিত্বকারী এ কৌঁসুলি।
বহিঃসমর্পণ না করার বিষয়ে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি এখনো বহাল আছে কিনা রয়টার্স তা নিশ্চিত করতে পারেনি। অ্যাসাঞ্জের আইনি দলও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
যুক্তরাজ্যের কমনওয়েলথ ও পররাষ্ট্র বিষয়ক দপ্তরের কাছে জানতে চাইলে তারা চলতি বছরের জুনে এ প্রসঙ্গে দেওয়া পররাষ্ট্র মন্ত্রী অ্যালান ডানকানের বিবৃতির দিকেই ইঙ্গিত করে।
অ্যাসাঞ্জ দূতাবাস ছাড়লে তার সঙ্গে ‘যথোপযুক্ত ও মানবিক’ আচরণ করা হবে বলে ওই বিবৃতিতে জানিয়েছিলেন ডানকান।
লেনিন মোরেনো প্রেসিডেন্ট হওয়ার পর চলতি বছরের মার্চে দূতাবাসের ভেতর অ্যাসাঞ্জের বেশ কিছু কূটনৈতিক সুবিধা রহিত করে একুয়েডর। কেটে দেয়া হয় তার ইন্টারনেট সংযোগও।
এ মাসের শুরু থেকে অবশ্য পরিস্থিতির খানিক উন্নতি ঘটেছে। উইকিলিকস প্রতিষ্ঠাতার বন্ধ করে দেওয়া বেশ কিছু সুবিধাও পুনরায় চালু করা হয়েছে।
অ্যাসাঞ্জের গন্তব্য নিয়ে একুয়েডর ও যুক্তরাজ্যের মধ্যে চলতি বছরের জুলাই থেকে আলোচনা চলছে বলেও দুই দেশ নিশ্চিত করেছে।
রাজনৈতিক আশ্রয়ে দূতাবাসে থাকার ক্ষেত্রে নতুন যেসব শর্ত দেওয়া হয়েছে, তাতে মানবাধিকার লংঘিত হয়েছে জানিয়ে একুয়েডরের আদালতে গত সপ্তাহে একটি মামলাও করেছেন অ্যাসাঞ্জ।
কুইটো বলছে, এসব শর্ত আন্তর্জাতিক রীতিনীতি মেনেই হয়েছে।
সাক্ষাৎপ্রার্থীদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা। সালভাদর এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, কেবল চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দূতাবাসের ভেতর অ্যাসাঞ্জের সঙ্গে ৬২টি সাক্ষাতের ঘটনা ঘটেছে। এর মধ্যে অ্যাসাঞ্জের আইনজীবীরাও রয়েছেন।
বৃহস্পতিবার অ্যাসাঞ্জের করা মামলাটির প্রথম শুনানি হওয়ার কথা থাকলেও ভিডিও কনফারেন্সে উইকিলিকিস প্রতিষ্ঠাতাকে হাজিরের প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হওয়ায় বিচারক এদিনের শুনানি স্থগিত রাখেন।
