‘দেশ ছেড়ে’ যুক্তরাষ্ট্রে খাশুগজির ছেলে
তুরস্কের সৌদি কনসুলেটের ভেতর খুন হওয়া সাংবাদিক জামাল খাশুগজির ছেলে সালাহ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।
তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কয়েক মাস ধরেই তার সৌদি ত্যাগে নিষেধাজ্ঞা ছিল। রিয়াদ সম্প্রতি ওই নিষেধাজ্ঞা তুলে নিলে সালাহ বুধবার পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছাড়েন।
ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে হত্যাকাণ্ডের শিকার জামাল খাশুগজির ছেলের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওরও চাপ ছিল।
বৃহস্পতিবার সৌদি-মার্কিন দ্বৈত নাগরিক সালাহ ওয়াশিংটনে পৌঁছান বলে তার পরিবার সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। তার মা ও তিন ভাইবোন আগেই এখানে অবস্থান করছিলেন।
খাশুগজির ছেলের যুক্তরাষ্ট্রে এসে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র রবার্ট পালাদিনো জানান, সালাহর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে পম্পেও রিয়াদকে অনুরোধ জানিয়েছিলেন।
“সালাহ খাশুগজিকে যুক্তরাষ্ট্রে ফিরে আসুক, তা চেয়েছিলেন তিনি। আমরা এ ব্যাপারটিতে সন্তুষ্ট,” বলেন পালাদিনো।
যুক্তরাষ্ট্র ২ অক্টোবর ইস্তাম্বুলের কনসুলেটের ভেতর কী ঘটেছিল, তা জানতে সৌদি আরবের ওপর চাপ অব্যাহত রেখেছে বলেও জানান এ সহকারী মুখপাত্র।
“জামাল খাশুগজির হত্যাকাণ্ডে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে অন্যান্য দেশের সঙ্গে কাজ ও মার্কিন কংগ্রেসের সঙ্গে পরামর্শ করতে ইচ্ছুক আমরা,” বলেন তিনি।
প্রথম দিকে উড়িয়ে দিলেও গত সপ্তাহ থেকে সৌদি আরবের কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশুগজিকে কনসুলেটের ভেতরেই মেরে ফেলা হয়েছে বলে স্বীকার করে নেন।
অবশ্য কীভাবে তাকে হত্যা করা হয়েছে, তা নিয়ে একেকজন একেক ধরনের তথ্য দিচ্ছেন। খাশুগজির মৃতদেহ কোথায়, তা নিয়েও নেই সদুত্তর।
ইয়ামামা প্রাসাদে সৌদি বাদশা ও ক্রাউন প্রিন্সের সঙ্গে খাশুগজির ছেলের সাক্ষাৎ। ছবি রয়টার্স
স্কাইপে তিনিই খাশুগজিকে হত্যায় সৌদি গুপ্তচরদের নির্দেশ দিয়েছিলেন বলে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
পর্যবেক্ষকরা অবশ্য বলছেন, কাহতানির ওপর দায় চাপানোর চেষ্টা হলেও, ক্রাউন প্রিন্সের অনুমতি ছাড়া এ উপদেষ্টার পক্ষে এমন ধরনের ঘটনা ঘটানো সম্ভব হতো না।
তুরস্কের তদন্ত কর্মকর্তাদের পাশাপাশি মার্কিন অনেক আইন প্রণেতাও খাশুগজি হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা সৌদি ক্রাউন প্রিন্স বলেই অভিযোগ করে আসছেন।
সৌদি কর্মকর্তারা এ অভিযোগ উড়িয়ে দিলেও সৌদ আল কাহতানির সব ধরনের কাজে ক্রাউন প্রিন্সের তদারকি থাকে বলে স্বীকার করে নিয়েছেন।
রাজপরিবারের অনেক নীতির সমালোচক খাশুগজি হত্যাকাণ্ড যে ‘পূর্বপরিকল্পিত’ ছিল, বৃহস্পতিবার তা বলেছেন সৌদি আরবের রাষ্ট্রীয় কৌঁসুলিও।
বাদশা সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদের সঙ্গে রিয়াদের ইয়ামামা প্রাসাদে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে দেখা করার একদিন পর সালাহ দেশ ছাড়লেন।
ওই বৈঠকের একটি ছবি সৌদি বার্তা সংস্থার হাত ঘুরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও স্থান পেয়েছে; করমর্দনের সময় সালাহকে যেখানে শীতল চোখে ক্রাউন প্রিন্সের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে।
