রোমে ‘নিয়ন্ত্রণ হারা’ চলন্ত সিড়িতে আহত ২০
ইতালির রাজধানী রোমের একটি রেল স্টেশনের একটি এস্কেলেটর নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত বেগে নিচে নেমে আসার ঘটনায় ২০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে রোমের কেন্দ্রীয় এলাকার তেরমিনি রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
আহতদের মধ্যে কয়েজনের আঘাত গুরুতর বলে জানিয়েছেন ইতালীয় কর্মকর্তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারা একটি এস্কেলেটর এর সিঁড়িতে দাঁড়িয়ে থাকা লোকজনকে নিয়ে দ্রুত বেগে নিচের দিকে নেমে যাচ্ছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে জরুরি বিভাগের কর্মীরা উপস্থিত হন এবং তারপর থেকে স্টেশনটি বন্ধ রাখা হয়েছে বলে ইতালীয় বার্তা সংস্থা আনসার প্রতিবেদনে বলা হয়েছে।
আনসা জানিয়েছে, ২০ জনেরও বেশি লোক আঘাত পেয়েছেন, এদের অধিকাংশেরই পা জখম হয়েছে। আহতদের মধ্যে একজনের পায়ের পাতার একটি অংশ ছিন্ন হয়ে গেছে বলে ইতালীয় সংবাদপত্র রিপাবলিকা জানিয়েছে।
আহতদের অধিকাংশই সিএসকেএ মস্কোর ভক্ত বলে জানিয়েছেন তিনি।
পরে ইতালির রুশ দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৩০ জন ফুটবল ভক্ত আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এস্কেলেটরটি নিয়ন্ত্রণ হারানোর আগে রুশ ফুটবল ভক্তরা এর ওপর লাফাচ্ছিলেন ও গান গাইছিলেন। কিন্তু এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন সেখানে থাকা ফুটবল ভক্তরা।
সিএসকেএ মস্কো ও ইতালীয় ক্লাব রোমার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটে।
