২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাসভবন থেকে পড়ে’ চীনের শীর্ষ ম্যাকাও প্রতিনিধির মৃত্যু

ম্যাকাওয়ে চীনের শীর্ষ প্রতিনিধি ঝেং জিয়াওসং মারা গেছেন বলে জানিয়েছে বেইজিং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2018, 03:47 PM

Updated : 08 Apr 2022, 07:12 PM

যে ভবনটিতে তিনি বাস করতেন শনিবার রাতে সে ভবন থেকে পড়ে ঝেংয়ের মৃত্যু হয় বলে রোববার জানিয়েছে চীন সরকার, খবর বার্তা সংস্থা রয়টার্সের।    

ম্যাকাওয়ের লিয়াজোঁ দপ্তরের এ প্রধান ‘হতাশায় ভুগছিলেন’বলে এক বিবৃতিতে জানিয়েছে চীনের স্টেট কাউন্সিলের হংকং ও ম্যাকাও দপ্তর।

ঝেংয়ের মৃত্যুতে সমবেদনা জানাতে বেইজিংয়ের সরকারি প্রতিনিধিরা ম্যাকাও পৌঁছেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে কোন পরিস্থিতিতে তার তার মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। 

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির এ সদস্যকে গত বছরের সেপ্টেম্বরে ম্যাকাওয়ের শীর্ষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

৫৯ বছর বয়সী ঝেং এর আগে দক্ষিণপূর্ব উপকূলীয় প্রদেশ ফুজিয়ানের ভাইস গভর্নর ছিলেন।  

হংকংয়ের মতো ম্যাকাও অঞ্চলটিও চীনের ‘এক দেশ, দুই নীতি’তে পরিচালিত হয়। জনগণের ভোটে নির্বাচিত প্রধান নির্বাহী অঞ্চলটির মূল শাসনকর্তা হলেও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে তাকে বেইজিংয়ের অনুমোদন পেতে হয়।    

চীনের লিয়াজোঁ দপ্তর বেইজিং ও ম্যাকাওয়ের স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় সাধন করে। ঝেং এ দপ্তরের দায়িত্বে ছিলেন। 

ম্যাকাওয়ের প্রধান নির্বাহী ফার্নান্দো চুই এক বিবৃতিতে ঝেং এর মৃত্যুতে ‘স্তম্ভিত’ হওয়ার কথা জানিয়ে সমবেদনা প্রকাশ করেছেন। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম ম্যাকাওয়ে চীনের শীর্ষ প্রতিনিধির মৃত্যুতে ‘গভীর শোক’ জানিয়ে বিবৃতি দিয়েছেন।

মৃত্যুর আগের দিনও ঝেং একটি ‘থিঙ্ক ট্যাঙ্কের’ প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বলে তার দপ্তরের ওয়েসবাইটে দেখা গেছে। ওই বৈঠকে সিপিসির এ কেন্দ্রীয় কমিটির নেতা ম্যাকাওয়ের ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত করতে ‘এক দেশ, দুই নীতি’ ও স্থানীয় সরকারকে সহায়তা করার ওপর জোর দিতে বলেছিলেন বলে খবর।