নিউ ইয়র্কে বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইটের অবতরণ
বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইট সিঙ্গাপুর থেকে ছেড়ে গিয়ে সরাসরি নিউ ইয়র্কে অবতরণ করেছে।
১৭ ঘণ্টা ৫২ মিনিট টানা আকাশে উড়ে ১৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে নিউ ইয়র্কে পৌঁছেছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই এসকিউ২২ ফ্লাইট।
ফ্লাইটটিতে ১৫০ জন যাত্রী এবং ১৭ জন ক্রু ছিল। সিঙ্গাপুর এয়ারলাইন্স এর আগেও এ ফ্লাইট পরিচালনা করেছে। কিন্তু অতিরিক্ত খরচের কারণে এক পর্যায়ে তা বন্ধ করে দেওয়া হয়। এর পাঁচ বছর পর আবারও এ বিরতিহীন ফ্লাইট শুরু করল তারা।
সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, বিরতি নিয়ে যাত্রা করার চাইতে ভ্রমণের সময় সংক্ষিপ্ত করার জন্য কাস্টমাররা বিরতিহীন ফ্লাইটই চায় বেশি।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে পাড়ি জমানো বিরতিহীন “ফ্লাইটটি নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছেছে। সময় এত দ্রুত পেরিয়ে গেছে যে মনেই হয়নি সাড়ে ১৭ ঘন্টা ধরে ভ্রমণ করা হয়েছে”, বিবিসি কে বলেন এয়ারলাইন্সরেটিংডটকম এর প্রধান জেফারি থমাস।
কানতাস এয়ারওয়েজ এর আগে চলতি বছরের শুরুতে ১৭ ঘন্টার বিরতিহীন ফ্লাইট চালু করে। অস্ট্রেলিয়ার পার্থ থেকে লন্ডন রুটে এ ফ্লাইট চালু হয়।
অন্যদিকে, কাতার এয়ারওয়েজ অকল্যান্ড থেকে দোহায় সাড়ে ১৭ ঘন্টার ফ্লাইট চালু করে।
