২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাশুগজির অন্তর্ধানে তুরস্ক চুপ থাকতে পারে না: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান বলেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশুগজি নিখোঁজের ঘটনায় তুরস্ক চুপ করে থাকতে পারে না।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Oct 2018, 09:18 PM

Updated : 19 Aug 2022, 02:43 PM

কনসুলেটের ভেতর থেকে সাংবাদিক গায়েবকে ‘খুবই গুরুতর ঘটনা’ অ্যাখ্যা দিয়ে এ বিষয়ে রিয়াদের কাছে ‘জবাব চেয়েছেন’ বলেও জানিয়েছেন তিনি। 

খাশুগজিকে ঘিরে সৌদি আরব ও তুরস্কের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ওয়াশিংটন যে রিয়াদের ওপর চাপ বাড়াচ্ছে, ট্রাম্পের বক্তব্যকে তার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাংবাদিক নিখোঁজকাণ্ডে যুক্তরাষ্ট্র সৌদি রাজপরিবারকে দায়ী ভাবছে কিনা, বুধবার টেলিফোনে ফক্স নিউজ চ্যানেলের করা এমন প্রশ্নের জবাবেও মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে ছিল উদ্বেগের সুর।

“তেমনটাই মনে হচ্ছে বলে আপনারা বলতে পারেন, আমরা এটি দেখছি,” বলেন ট্রাম্প।

এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে রিপাবলিকান এ প্রেসিডেন্ট খাশুগজির অন্তর্ধানের বিষয়টি নিয়ে সৌদি নেতৃত্বের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে বলে জানান। 

“আমরা সবকিছু জানতে চেয়েছি। কি ঘটছে তা দেখতে চাই আমরা। যুক্তরাষ্ট্র ও হোয়াইট হাউসের জন্য এটা খুবই গুরুতর পরিস্থিতি, আমরা এর শেষ দেখতে চাই,” বলেন মার্কিন প্রেসিডেন্ট।

নিজের বিয়ের কাগজপত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে বাগদত্তা হেতিস সেনগিজকে নিয়ে যায় সৌদি নাগরিক জামাল খাশুগজি।

কনসুলেটে প্রবেশের পর থেকে তার আর কোনো খোঁজ নেই।

তুরস্ক বলছে, সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক খাশুগজিকে সম্ভবত কনসুলেটের ভেতরেই হত্যা করা হয়েছে। সৌদি আরব থেকে ২ অক্টোবর তুরস্কে আসা ১৫ সদস্যের একটি দল তাকে হত্যা করে বলে সন্দেহ তুর্কি গোয়েন্দা সংস্থাগুলোর।

রিয়াদ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, প্রবেশের অল্প সময় পরই কনসুলেট ভবন ছেড়ে গেছেন বছরখানেক ধরে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা খাশুগজি।

কনসুলেটের নিরাপত্তার দায়িত্বে থাকা তুর্কি পুলিশ কর্মকর্তাদের নিরাপত্তা ক্যামেরায় সৌদি এ সাংবাদিককে কনসুলেট থেকে পায়ে হেঁটে বেরিয়ে যেতে দেখা যায়নি।

খাশুগজি যে কনসুলেট ছেড়ে বেরিয়ে গেছেন তার ভিডিও ফুটেজ হাজির করতে বলেছে আঙ্কারা; নাহলে সাংবাদিককে গুম ও হত্যার দায়ে সৌদি আরবকে ‘কঠিন প্রতিক্রিয়ার’ মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে তারা।  

 বৃহস্পতিবার হুরিয়াত পত্রিকায় তিনি এ মন্তব্য করে বলেন, তুরস্ক সব দিক থেকেই ঘটনাটি খতিয়ে দেখছে।

খাশুগজি ইস্তাম্বুলের সৌদি কনসুলেট থেকে বেরিয়েছিলেন তার প্রমাণ দিয়ে সৌদি আরবকে সিসিটিভি ফুটেজ প্রকাশেরও আহ্বান জানিয়েছেন এরদোয়ান।

কনস্যুলেট ভবনে কোনো ক্যামেরার ব্যবস্থা থাকবে না এমনটি হওয়া আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

খাশুগজি গত ২ অক্টোবরে তার প্রেমিকাকে বাইরে দাঁড় করিয়ে রেখে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢোকার পর আর বেরোননি।

সৌদি আরব বলছে, কিছুক্ষণ পরই খাশুগজি বেরিয়ে যান। কিন্তু বাইরে থাকা খাশুগজির প্রেমিকা এবং তুর্কি কর্মকর্তারা বলছেন, তিনি আর বেরিয়ে আসেননি।

তুরস্ক বলছে, খাশুগজিকে সৌদি কনসুলেট ভবনের ভেতরে হত্যা করার পর তার লাশ সরিয়ে ফেলা হয়েছে। রিয়াদ এ অভিযোগ উড়িয়ে দিয়েছে।

এরদোয়ান বলেছেন, “এমন একটি ঘটনার পর আমাদের পক্ষে নিশ্চুপ থাকা সম্ভব না। কারণ, ঘটনাটি সাধারণ কোনো ব্যাপার না।”

সৌদি আরব কর্তৃপক্ষ খাশুগজির কনস্যুলেট ভবন ত্যাগের ছবি নেই বলে জানিয়েছে। তারা বলেছে, কনস্যুলেটের ক্যামেরায় শুধু ‘লাইভ ফুটেজ’ দেখা যায় এর কোনো রেকর্ড থাকে না।

সৌদি আরবের এ যুক্তি নিয়েই প্রশ্ন তুলেছেন এরদোয়ান। সৌদি আরবের কনস্যুলেট ভবনে কোনো ক্যামেরা সিস্টেম থাকবেনা সেটি কি করে সম্ভব?, বলেন তিনি।

তুরস্কের কয়েকটি গণমাধ্যম এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে দাবি করেছে, এসব ভিডিওতে নিখোঁজ সৌদি সাংবাদিক জামাল খাশুগজিকে নিয়ে চক্রান্তের প্রমাণ আছে।

ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন কয়েকজন সৌদি গোয়েন্দা কর্মকর্তা ইস্তাম্বুলের বিমানবন্দর দিয়ে তুরস্কে ঢুকছেন এবং বেরিয়ে যাচ্ছেন।

তুরস্কের সাবাহ পত্রিকার খবরে বলা হয় তারা খাশুগজির অন্তর্ধানের ঘটনায় জড়িত একটি গোয়েন্দা টীমের ১৫ সদস্যকে চিহ্নিত করেছে।

পুলিশ ঘটনা তদন্তের আওতায় ১৫০টি সিকিউরিটি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছে। কয়েকটি স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, খাশুগজিকে হয়ত হত্যা করা হয়নি বরং তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে।

সৌদি রাজপরিবারের সমালোচনা করায় সৌদি পত্রিকায় খাশুগজির কলাম নিষিদ্ধ করা হয় এমনকি টুইটও বন্ধ করতে বলা হয় বলে অভিযোগ আছে। এরপরই খাশুগজি সৌদি আরব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।