২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মারিনোভা হত্যা: জার্মানিতে এক বুলগেরীয় আটক

বুলগেরিয়ার সাংবাদিক ভিক্তোরিয়া মারিনোভা ধর্ষণ এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জার্মানিতে এক বুলগেরীয়কে আটক করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2018, 07:13 PM

Updated : 08 Apr 2022, 07:09 PM

বুলগেরিয়া কর্তৃপক্ষ জানায়, তাদের অনুরোধে জার্মান পুলিশ সেভেরিন ক্রাসিমিরভ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। রোববার বুলগেরিয়া থেকে জার্মানি গিয়েছিলেন ক্রাসিমিরভ।

অপরাধের ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রমাণের সঙ্গে ক্রাসিমিরভের ডিএনএ’র নমুনা মিলে গেছে বলে জানান বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ম্লাদেন মারিনোভ।

এখন পর্যন্ত তদন্ত কর্মকর্তাদের হাতে যেসব প্রমাণ আছে তাতে মারিনোভাকে তার কাজের কারণে হত্যা করা হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রধান প্রসিকিউটর সতির ত্রাসাত্রাসারভ বলেন, হামলার ধরণ দেখে এখন পর্যন্ত মনে হচ্ছে এটি যৌন নিপীড়নের ঘটনা। তবে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তাই সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি মারিনোভা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ক একটি টক-শোর উপস্থাপনা শুরু করেছিলেন।

ওই অনুষ্ঠানে মারিনোভা দুইজন অনুসন্ধানী সাংবাদিককে পরিচয় করিয়ে দেন। এরপর ওই দুই সাংবাদিক ইউরোপীয় ইউনিয়নের তহবিল এবং ইউরোপের শীর্ষধনী ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনীতিবীদের বিরুদ্ধে উঠা নানা প্রতারণা ও কেলেঙ্কারি নিয়ে আলোচনা করেন। মারিনোভা তার শো’ ডিটেক্টরও একই ধরনের অনুসন্ধান শুরু করবে বলে জানিয়েছিলেন।

গত শনিবার উত্তরাঞ্চলীয় শহর রুজের একটি পার্কে মারিনোভার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানায় বুলগেরিয়া পুলিশ।

ঘটনাস্থলে তার মোবাইল ফোন, চাবি, চশমা এবং তার কাপড়ের কিছু অংশ খুঁজে পাওয়া যায়নি।

পুরনো খবর:

বুলগেরিয়ায় ধর্ষণের পর সাংবাদিক হত্যা, ইউরোপজুড়ে প্রতিক্রিয়া