২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৫০

কেনিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জন দাঁড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2018, 01:22 PM

Updated : 08 Apr 2022, 07:09 PM

বুধবার দুর্ঘটনায় পড়া বাসটি রাজধানী নাইরোবি থেকে পশ্চিমের নগরী কিসুমু যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। বাসে কতজন যাত্রী ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে এক পুলিশ কর্মকর্তা বলেন, “সাত শিশুসহ ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অল্প কয়েকজনকে কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।”

বাসটি রাস্তা থেকে পিছলে গড়াতে গড়াতে পাশের খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। প্রচণ্ড আঘাতে সেটির ছাদ খুলে যায়।

প্রেসিডেন্ট উহুরু কেনিয়েত্তা দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

গত ১০ মাসে কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ২,৩৪৫ জনের ‍মৃত্যু হয়েছে। গত বছরের তুলনায় যা ৮ শতাংশ বেশি।

সড়ক দুর্ঘটনার জন্য কেনিয়ার কুখ্যাতি আছে। নিরাপদ সড়ক বিবেচনায় বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে কেনিয়া অন্যতম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ।

গত ডিসেম্বরে নাইরোবিমুখি একটি বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন নিহত হয়েছিল।