২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে লিমোজিন দুর্ঘটনায় নিহত ২০

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি  লিমোজিন গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস

>> দ্য

নিউ ইয়র্ক টাইমস

Published : 07 Oct 2018, 10:23 PM

Updated : 25 Jul 2022, 08:38 PM

নিউ ইয়র্ক রাজ্যের পুলিশ রোববার এ খবর জানিয়েছে।

স্থানীয় কয়েকটি খবরে বলা হয়েছে, এক বিয়ে পার্টি লিমোজিনে করে যাওয়ার সময় গাড়িটি স্কেওয়ারি শহরের অ্যাপল ব্যারেল কান্ট্রি স্টোরের বাইরে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। ঘটনাটি ঘটে শনিবার বিকালে।

স্টোরের ম্যানেজার জানান, লিমোজিনের ধাক্কায় পার্কিং লটে থাকা বহু কাস্টমার নিহত হয়েছে। দুই রাস্তার মোড়ে একটি চড়াই পেরিয়ে লিমোজিনটি সজোরে গিয়ে আঘাত হানে কাছের ওই স্টোরে দাঁড়িয়ে থাকা মানুষের ভীড়ে।

ফোনে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, “খুবই মারাত্মক ঘটনা। একটি লিমো ৬০ মাইলেরও বেশি বেগে চড়াই বেয়ে নেমে আসছিল। আমি সে পরিস্থিতির কথা আর বলতে চাই না। চিন্তাও করতে চাই না।”

লিমোজিনের ভেতরে কোনো মানুষ দেখেননি জানিয়ে তিনি বলেন, জগাখিচুড়ি একটি অবস্থা তৈরি হয়েছিল। দুর্ঘটনায় পড়া আরেকটি গাড়ি কেমন ছিল বা কি মডেলের ছিল তাও মনে নেই বলে জানান তিনি।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। হতাহতদের উদ্ধারে সেখানে যায় অন্তত ছয়টি অ্যাম্বুলেন্স এবং দুটো হেলিকপ্টার।

দুর্ঘটনার শিকার যারা হয়েছে তাদের নাম এ মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না বলে এক বিবৃতিতে জানিয়েছে রাজ্য পুলিশ। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানায়, ঘটনাটি খতিয়ে দেখতে রোববার সকালেই ঘটনাস্থলে গেছেন তদন্তকারীরা।