পশ্চিম তীরে ফিলিস্তিনির গুলিতে ২ ইসরায়েলি নিহত
অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতির কাছে একটি শিল্পপার্কে এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি নিহত এবং আরো একজন আহত হয়েছে।
রোববার ইসরায়েলের সেনাবাহিনী একথা জানিয়েছে। ফিলিস্তিনি ওই বন্দুকধারী এক কারখানায় কাজ করত। সেখানেই এ গুলির ঘটনা ঘটে।
ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, বারকান শিল্প এলাকায় একজন পুরুষ এবং দুজন নারীর ওপর হামলা হয়। সেখানে প্রায় ৫ হাজার ফিলিস্তিনি ইসরায়েলের মালিকানাধীন ব্যবসায় নিয়োজিত।
হামলার ঘটনার কয়েকঘন্টা পর সামরিক বাহিনীর এক মুখপাত্র বিদেশি সাংবাদিকদের সঙ্গে এক কনফারেন্স কলে বলেন, গুলিবিদ্ধ ওই পুরুষ এবং একজন নারী আহত হয়ে পরে মারা গেছেন। অপর আহত নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এ হামলার ঘটনাকে ‘মারাত্মক সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়েছে এবং পশ্চিম তীরের গ্রামের ওই বন্দুকধারী ফিলিস্তিনি ২৩ বছর বয়সী বলে জানিয়েছে।
টিভিতে প্রচারিত নজরদারি ক্যামেরার ছবিতে এক ব্যক্তিকে রাইফেল হাতে সিঁড়ি দিয়ে নিচে নেমে কারখানা থেকে দৌড়ে চলে যেতে দেখা গেছে। তাকে এখনো ধরা যায়নি।
