২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাটভিয়ার নির্বাচনে জয় রুশপন্থি দলের

রাশিয়াপন্থি দল হারমনি পার্টিকেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী করেছে লাটভিয়াবাসী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Oct 2018, 05:22 PM

Updated : 08 Apr 2022, 07:08 PM

শনিবারের পার্লামেন্ট নির্বাচনে দলটি ১৯ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ইউরোপীয় ইউনিয়নপন্থি ডেভেলপমেন্ট পার্টি পেয়েছে ১২ শতাংশ; কেপিভিএলভি ও নিউ কনজারভেটিভদের বাক্সে গেছে ২৭ শতাংশ।

হারমনি পার্টি এর আগের বেশ কয়েকটি নির্বাচনে শীর্ষস্থান অর্জন করলেও তাদেরকে ক্ষমতার বাইরে রাখতেই অন্য দলগুলো জোট বেধেছিল।

এবারের পরিস্থিতি ভিন্ন; হারমনি এবার এত ভোট পেয়েছে যে সহজেই অন্যদের সঙ্গে তার জোট হতে পারে, বলছেন পর্যবেক্ষকরা।

“স্থিতিশীল ও টিকে থাকতে পারবে এমন কোনো জোট (সরকার) হারমনিকে ছাড়া করা সম্ভব হবে না,” বলেছেন হারমনি পার্টির চেয়ারম্যান নিলস উশাকভ।

কেপিভিএলভি ও নিউ কনজারভেটিভের সঙ্গে হারমনির জোট হতে পরে বলেও বার্তা সংস্থা লেটাকে ইঙ্গিত দিয়েছেন রাজধানী রিগার এ মেয়র।

ভোটের হিসাবে লাটভিয়ার ১০০ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে হারমনি ২৪টি আসন পেতে যাচ্ছে; নিউ কনজারভেটিভ ও কেপিভিএলভি পাবে যথাক্রমে ১৬ ও ১৫টি আসন।

দুর্নীতি ও মুদ্রাপাচার থামাতে ব্যর্থ হওয়ায় ক্ষমতায় থাকা গ্রিন অ্যান্ড ফার্মার ইউনিয়ন, ন্যাশনাল অ্যালায়েন্স ও ইউনিটি পার্টির ভরাডুবি হয়েছে।

প্রধানমন্ত্রী মারিস কুচিনস্কির নেতৃত্বাধীন এ জোট সাকুল্যে ভোট পেয়েছে মাত্র ২৭ শতাংশ।

রাশিয়ার সঙ্গে লাটভিয়ার সীমান্ত আছে; দেশটির ২২ লাখ জনগোষ্ঠীর এক-চতুর্থাংশই রুশভাষী। 

বাল্টিক এ দেশটি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় এবারের পার্লামেন্ট নির্বাচনকে মস্কো ও পশ্চিমের মধ্যে লড়াই হিসেবে দেখছিলেন পর্যবেক্ষকরা।

দেশটিতে এখনও নেটোর এক হাজারেরও বেশি সৈন্য আছে।

হারমনি পার্টি বলেছে, ইইউ ও নেটোতে থাকারপাশাপাশি তার মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক তৈরিতেও আগ্রহী।

নির্বাচনের ফল ঘোষণা হলেও সরকার গঠনের আলোচনা কয়েক সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।