ট্রাম্পের টুইট বন্ধ করতে ফোন কেড়ে নেন মেলানিয়া
নানা বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সারাক্ষণ টুইট করার স্বভাব নিয়ে এবার সরাসরি কথা বলেছেন ফার্স্টলেডি মেলানিয়া।
বলেছেন, তার সব টুইটের সঙ্গে তিনি একমত নন। আর তাই কখনও কখনও ট্রাম্পের টুইট বন্ধ করতে তিনি তার ফোন কেড়ে নেন।
অতীতেও নানা বিষয়ে ট্রাম্পের বিরোধিতা করে এসেছেন মেলানিয়া। এবার আফ্রিকা সফরের শেষভাগে শনিবার মিসরে গিয়ে সাংবাদিকদেরকে স্বামীর আচরণ নিয়ে এসব কথা বলেছেন তিনি।
সেইসঙ্গে তিনি এও জানিয়ে দেন, তার পোশাক নয় বরং তিনি চান মানুষ তার কাজের দিকে নজর দিক। “মানুষ আমি কী পরছি তার চাইতে আমার কাজের দিকে বেশি মনোযোগ দেবে বলেই আশা করি,” বলেন ৪৮ বছর বয়সী ফ্যাশন মডেল মেলানিয়া।
তার এসব কথা নিয়ে বেশ কয়েকটি টুইট করেছেন নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিক। আর তাতেই তিনি জানিয়েছেন, টুইটে কোনো পোস্টের সঙ্গে একমত না হলেই প্রেসিডেন্টের ফোন নিয়ে নেন মেলানিয়া।
ফার্স্টলেডির কথায়, “টুইটারে ট্রাম্প এত কড়া ভাষা ব্যবহার করেন: আমি তার সব কথায় সবসময় একমত নই। আমি সেটি তাকে বলিও।”
মেলানিয়া আরো জানান, তিনি সব সময়ই ট্রাম্পকে সৎ পরামর্শ দেন। তবে তার মত কিংবা পরামর্শ ট্রাম্প কখনো শোনেন আবার কখনো শোনেন না।
টুইটপ্রেমী প্রেসিডেন্ট ট্রাম্প নীতিগত নানা বিষয় নিয়েই জনগণের সঙ্গে যোগাযোগের জন্য ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করেন৷ তার একাধিক টুইট নিয়ে সমালোচনা হয়েছে। এমনকি ভুল বানানের জন্যও অনেক সময় সমালোচনার মুখে পড়েছেন তিনি।
টুইট নিয়ে ট্রাম্প যখন সমালোচনার পাত্র হচ্ছেন, ঠিক তখনই উল্টোদিকে মেলানিয়া ‘সাইবার বুলিং’ বন্ধ করার জন্য প্রোগ্রাম তৈরিতে সময় আর শ্রম দিয়ে চলেছেন।
