২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কটল্যান্ডের স্বাধীনতার সমর্থনে লাখো মানুষের বিক্ষোভ

যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে স্কটল্যান্ড রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানিয়ে এডিনবারার বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছে কয়েক লাখ মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2018, 03:18 PM

Updated : 11 Oct 2022, 12:40 PM

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে আসা নিয়ে টানাপোড়েনের কারণেই স্বাধীনতার পক্ষে এ জোয়ার, বলছেন স্কটিশ জাতীয়তবাদীরা।

শনিবার স্কটল্যান্ডের বিশাল নীল পতাকা উড়িয়ে ও ঐতিহ্যবাহী পোশাক পরে লাখ লাখ মানুষ স্কটিশ পার্লামেন্টের কাছে একটি পার্কে জড়ো হয় বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

স্বাধীনতাপন্থি দল স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) বার্ষিক সম্মেলনের রোববার, এর আগের দিন এ বিক্ষোভটি হল। স্কটল্যান্ডের পার্লামেন্টের প্রায় অর্ধেক আসন এই দলটির নিয়ন্ত্রণে। তারা যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন স্কটল্যান্ড প্রতিষ্ঠা করতে চায়।  

স্বাধীনতার সমর্থনে হওয়া এ কর্মসূচিতে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছেন বলে ধারণা দিয়েছেন শনিবারের বিক্ষোভে থাকা রয়টার্সের এক সাংবাদিক।

ব্রিটিশ পতাকা নাড়িয়ে যুক্তরাজ্যের পক্ষেও পাল্টা প্রতিবাদ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইইউ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে ২০১৬ সালের গণভোটে স্কটিশরা ইউরোপীয় জোটে থেকে যাওয়ার বিষয়ে বড় ধরনের সমর্থন জানিয়েছিল। কিন্তু পুরো যুক্তরাজ্যজুড়ে ইইউ থেকে বিচ্ছেদের পক্ষে থাকা ভোটাররা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সংখ্যাগরিষ্ঠ স্কটিশদের রায় গ্রহণযোগ্যতা পায়নি।

ব্রেক্সিটের কারণেই স্কটিশদের মধ্যে নতুন করে স্বাধীনতার চেতনা মাথাচাড়া দিয়ে উঠেছে বলে ধারণা বিশ্লেষকদের।

ইইউ থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া শুরুর পর যুক্তরাজ্যের রক্ষণশীল নেতৃত্বের সঙ্গে স্কটল্যান্ডের জাতীয়তাবাদী সরকারের দূরত্বও দিন দিন বাড়ছে।

এর আগে ২০১৪ সালে স্কটল্যান্ডের গণভোটে স্কটিশ ভোটারদের সংখ্যাগরিষ্ঠ অংশ যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছিল।

ওই গণভোটের পর থেকে স্বাধীনতাপন্থিদের সমর্থন ৪৫ শতাংশেই আটকে আছে বলে বিভিন্ন জনমত জরিপের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

তবে সাম্প্রতিক কিছু জরিপে যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার দিকে স্কটিশদের ঝোঁক বাড়ছে বলে ধারণা পাওয়া গেছে। ব্রেক্সিট নিয়ে টালমাটাল পরিস্থিতিই বিরক্ত স্কটিশদের এদিকে ঠেলে দিচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের।