২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

যুদ্ধাস্ত্র হিসেবে ধর্ষণ ও যৌন সন্ত্রাস বন্ধের চেষ্টার স্বীকৃতিতে কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগে এবং ইয়াজিদি অধিকারকর্মী নাদিয়া মুরাদ পেলেন নোবেল শান্তি পুরস্কার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2018, 03:25 PM

Updated : 11 Oct 2022, 12:40 PM

নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান বেরিত রাইস আন্দারসেন শুক্রবার অসলোতে এক সংবাদ সম্মেলনে চলতি বছরের পুরস্কারজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেন। 

ইরাকের উত্তরাঞ্চলীয় এক ইয়াজিদি গ্রামের মেয়ে নাদিয়া মুরাদকে তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছিল আইএস জঙ্গিরা। কযেক দফা বিক্রি করে যৌনদাসত্বে বাধ্য করা হয়েছিল তাকে।

আইএসএর ডেরা থেকে পালিয়ে আসা ২৫ বছর বয়সী এই তরুণী পরে ইয়াজিদি জনতার মুক্তি আন্দোলনের প্রতীকে পরিণত হন। মালালা ইউসুফজাইয়ের পর তিনিই সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পেলেন।

গাইনোকলজিস্ট ডেনিস মুকওয়েগে কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে পাঞ্জি হাসপাতালের পরিচালক। জীবনের বড় একটি সময় তিনি সহকর্মীদের নিয়ে যৌন সহিংসতার শিকার নারীদের চিকিৎসা দিয়ে গেছেন। 

১৯৯৯ সালে যাত্রা শুরু করা ওই হাসপাতালে চিকিৎসা পেয়েছেন ৩০ হাজারের নারী, যারা নানাভাবে যৌন সহিংসতার শিকার হয়েছেন।

Image
আইএস এর হাত থেকে পালিয়ে আসার পর প্রথমবার নিজের গ্রামে ফিরে নাদিয়া মুরাদ

আইএস এর হাত থেকে পালিয়ে আসার পর প্রথমবার নিজের গ্রামে ফিরে নাদিয়া মুরাদ

Image
কঙ্গোর বুকাভু শহরে ডেনিস মুকওয়েগের পাঞ্জি হাসপাতাল

কঙ্গোর বুকাভু শহরে ডেনিস মুকওয়েগের পাঞ্জি হাসপাতাল

নোবেল কমিটির চেয়ারম্যান বলেন, ধর্ষণের মত যুদ্ধাপরাধ বন্ধের চেষ্টায় এবং এ বিষয়ে বিশ্ববাসীকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডেনিস মুকওয়েগে এবং নাদিয়া মুরাদ।

“তারা ‍দুজনেই যার যার জায়গা থেকে যুদ্ধকালীন যৌন সহিংসতার ভয়াবহতার কথা তুলে ধরেছেন, যাতে সেই সব অপরাধীদের বিচারের মুখোমুখি করা যায়।”

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০০৮ সালে একটি প্রস্তাব গ্রহণ করে, যেখানে যুদ্ধাস্ত্র হিসেবে ধর্ষণের ব্যবহারকে যুদ্ধাপরাধ এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা করা হয়।

নিরাপত্তা পরিষদের ওই সিদ্ধান্তের দশক পূর্তিতে নরওয়ের নোবেল কমিটি যৌন সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে থাকা দুজনকে শান্তি পুরস্কারের জন্য বেছে নিল।

কেন তারা?

বিবিসি জানিয়েছে, এ বছরের শান্তি পুরস্কারের জন্য ২১৬ জন ব্যক্তি এবং ১১৫টি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করা হয়েছিল নোবেল কমিটির কাছে।

কার ভাগ্যে এবার এ পুরস্কার জুটতে পারে, সেই আলোচনায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল এবং কারাবন্দি সৌদি ব্লগার রাফি বাদাউইয়ের নামও ঘুরছিল।

কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগের নাম গত কয়েক বছর ধরেই নোবেল মওসুমে ঘুরে ফিরে আসছিল শান্তি পুরস্কারের জন্য।  

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর নোবেল পুরস্কার দেয়া হয়।

তার উইলে শান্তি পুরস্কার পাওয়া যোগ্যতা হিসেবে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে। এগুলো হল দেশে দেশে ঐক্য প্রতিষ্ঠা, নিরস্ত্রীকরণে সাফল্য এবং শান্তি সম্মিলনের উদ্বুদ্ধ করা।

নরওয়ের নোবেল কমিটি বলেছে, ডেনিস মুকওয়েগে এবং নাদিয়া মুরাদ দুজনেই তাদের ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে সাহসের সঙ্গে যুদ্ধাপরাধের বিরুদ্ধে এবং নিপীড়িতদের সুবিচার প্রাপ্তির জন্য লড়াই করে চলেছেন।

“সেই বিচারে তারা আন্তর্জাতিক আইনের পক্ষে দেশে দেশে ঐক্য গড়তে কাজ করে যাচ্ছেন, যা নোবেলের উইলে বর্ণিত যোগ্যতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।”

পুরস্কার হিসেবে একটি করে সোনার মেডেল পাবেন মুকওয়েগে এবং নাদিয়া মুরাদ। পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার তারা ভাগ করে নেবেন। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার চেষ্টার স্বীকৃতি হিসেবে গতবছর ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনসকে (আইসিএএন) শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।

 

হার না মানা নাদিয়া

২০১৪ সালের অক্টোবরে পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই যখন শান্তিতে নোবেল পুরস্কার পান, ঠিক তার দুই মাস আগে ইরাকের পাহাড়ি অঞ্চল সিনজারের একটি ইয়াজিদি গ্রামে হামলা চালিয়ে নাদিয়া মুরাদকে ধরে নিয়ে যায় আইএস জঙ্গিরা। তার বয়স তখন ২১ বছর।

আইএস জঙ্গিরা নাদিয়াদের গ্রামের প্রায় সব পুরুষ ও বয়স্ক নারীকে হত্যা করে, যাদের মধ্যে নাদিয়ার ছয় ভাই এবং তার মাও ছিলেন।

জঙ্গিরা গ্রামের অন্য ইয়াজিদি নারীদের সঙ্গে নাদিয়াকেও ধরে নিয়ে যায় এবং যৌনদাসী হিসেবে বিক্রি করে দেয়। কয়েক হাত ঘুরে নাদিয়া পৌঁছান মসুলে। প্রতিদিন চলে ধর্ষণ আর নির্যাতন।

তিন মাসের মাথায় পালিয়ে এক সুন্নি মুসলিম পরিবারে আশ্রয় নেন নাদিয়া। সেই পরিবারের একজন আইএসের চোখে ধুলো দিয়ে তাকে সীমান্ত পার করে দেয়।

ভয়ঙ্কর সেসব দিনের অভিজ্ঞতা নিয়ে নাদিয়া মুরাদের লেখা ‘দ্য লাস্ট গার্ল’ প্রকাশিত হয় ২০১৭ সালে। সেখানে তিনি লিখেছেন, “কিছু কিছু দিন গেছে, যখন ধর্ষিত হওয়া ছাড়া আর কিছুই ঘটত না। ধর্ষণ যেন হয়ে উঠেছিল প্রাত্যহিক জীবনের অংশ।”

একটি শরণার্থী প্রকল্পের আওতায় ২০১৫ সালে জার্মানি পাড়ি জমান নাদিয়া। বর্তমানে সেখানেই তিনি বসবাস করছেন।

ইয়াজিদি জনগোষ্ঠীর অধিকার আদায়ের পাশাপাশি যুদ্ধাস্ত্র হিসেবে ধর্ষণের ব্যবহারের বিরুদ্ধে কাজ করতে ‘নাদিয়াস ইনিশিয়েটিভ’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন এই লড়াকু তরুণী। ২০১৬ সালে ইউরোপীয় কাউন্সিল তাকে ‘ভ্যাকলাভ হ্যাভেল’ মানবাধিকার পুরস্কারে ভূষিত করে।

 

নৈরাজ্যের দেশে যেন এক দেবদূত

গৃহযুদ্ধ আর সংঘাত-হানাহানিতে বিপর্যস্ত ডিআর কঙ্গোর নৈরাজ্য আর হতাশার বাতাবরণের বিপরীতে উজ্জ্বল এক ব্যতিক্রম ডা. ডেনিস মুকওয়েগে।  

ফ্রান্সে লেখাপড়া শেষ করে দেশের মানুষের জন্য কাজ করার তাড়না থেকে ১৯৮৯ সালে যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর এক হাসপাতালে কাজ ‍শুরু করেন এই গাইনোকলজিস্ট। দ্বিতীয় কঙ্গো যুদ্ধের এক পর্যায়ে তিনি দেখতে পান, মেয়েদের সাধারণ রোগগুলোর বাইরে নানা বয়সী নারী ও শিশু তার কাছে চিকিৎসা নিতে আসছে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়ে। 

সেই সব নারীদের চিকিৎসা দিতেই জীবনের বড় সময়টি ব্যয় করেছেন ৬৩ বছর বয়সী এই চিকিৎসক। ৩০ হাজারের বেশি নারীকে চিকিৎসা দিতে গিয়ে তিনি ও তার সহকর্মীরা অর্জন করেছেন বিপুল অভিজ্ঞতা।

নিজের জীবনের পর্যবেক্ষণ মুকওয়েগে বর্ণনা করেছেন এভাবে-

১৯৯৯ সালে আমাদের হাসপাতলে প্রথম একজন রেপ ভিকটিম এল। ধর্ষণ করার পর তার জননাঙ্গ আর উরুতে গুলি করা হয়েছিল। আমি ভেবেছিলাম এরকম বর্বরতা কীভাবে সম্ভব!

আসল ধাক্কাটা এল তিন মাস পর। একই ধরনের ঘটনার শিকার ৪৫ জন নারী এল আমাদের হাসপাতালে। তাদের সবার গল্প মোটামুটি এক। গ্রামে হামলা চালিয়ে তাদের ধর্ষণ করা হয়, নির্যাতন করা হয়।

আরও অনেকে আমাদের কাছে আসছিলেন পোড়া ক্ষত নিয়ে। তাদের প্রথমে ধর্ষণ করা হয়েছিল, তারপর জননাঙ্গে ঢেলে দেওয়া হয়েছিল এসিড।

আমার মাথায় শুধু প্রশ্ন ঘুরছিল- এসব কী হচ্ছে! এগুলো কেবল বিচ্ছিন্ন সহিংসতা নয়, এগুলো তো একটি কৌশলের অংশ।

এমন ঘটনা ঘটছিল, যেখানে একই সময়ে একাধিক নারী ধর্ষণের শিকার হচ্ছিলেন। কোনো কোনো রাতে পুরো গ্রামের সব নারীকে ধর্ষণ করা হচ্ছিল। এই বর্বরতা চলছিল সবার সামনে, প্রকাশ্যে। এর মাধ্যমে তারা যে কেবল সেই নারীদের ক্ষতি করছিল তা নয়, পুরো কমিউনিটিতে ক্ষত সৃষ্টি করছিল।

এই কৌশলের ফল হচ্ছিল এরকম- পুরো গ্রামের মানুষ তাদের ভিটেমাটি ছেড়ে, ক্ষেত খামার সম্পদ ছেড়ে, সব কিছু ছেড়ে পালাচ্ছিল। দারুণ কার্যকর এক কৌশল!

২০১২ সালে ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদে কঙ্গো সরকারের তীব্র সমালোচনা করার পর হামলার শিকার হন মুকওয়েগে। নিজে প্রাণে বেঁচে গেলেও তার দেহরক্ষীকে হত্যা করা হয়। নিরাপত্তার অভাবে কিছুদিন ইউরোপে কাটাতে হলেও পরে আবার দেশে ফিরে বীরের মর্যাদা পান এই চিকিৎসক।

২০০৯ সালে জাতিসংঘের মানবাধিকার পুরস্কার, ২০০৯ সালে ‘আফ্রিকান অব দ্য ইয়ার’ সম্মাননা সহ বহু আন্তর্জাতিক পুরস্কার পাওয়া মুকওয়েগেকে এখনও জাতিসংঘ শান্তিরক্ষীদের সার্বক্ষণিক নিরাপত্তাবলয়ের মধ্যে তার হাসপাতালে থাকতে হয়।

Image
নোবেল পাওয়ার পর সংবাদ সম্মেলনে ডেনিস মুকওয়েগে

নোবেল পাওয়ার পর সংবাদ সম্মেলনে ডেনিস মুকওয়েগে

Image
ইউরোপীয় কাউন্সিলের ‘ভ্যাকলাভ হ্যাভেল’ মানবাধিকার পুরস্কার পাওয়ার পর নাদিয়া মুরাদ

ইউরোপীয় কাউন্সিলের ‘ভ্যাকলাভ হ্যাভেল’ মানবাধিকার পুরস্কার পাওয়ার পর নাদিয়া মুরাদ

যা বললেন তারা

নোবেল শান্তি পুরস্কারজয়ী প্রথম ইরাকি নাগরিক নাদিয়া মুরাদ তার এই পুরস্কার উৎসর্গ করেছেন তার মাসহ সেইসব ইয়াজিদি ও ইরাকির প্রতি, যারা আইএস জঙ্গিদের হাতে নিহত হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, “অকল্পনীয় নিপীড়নের শিকার ইয়াজিদিদের যে দুর্দশা, সে কথা বিশ্বের সামনে তুলে ধরার এই সুযোগ পাওয়ায় বেঁচে যাওয়াদের একজন হিসেবে আমি কৃতজ্ঞ।”

ইরাকের প্রধানমন্ত্রী বারহাম সালেহ বলেছেন, নাদিয়ার এই পুরস্কারকে পুরো ইরাকি জাতির জন্য এক বিরাট সম্মান, যারা সন্ত্রাস আর অবিচারের বিরুদ্ধে লড়াই করে চলেছে। 

বিবিসি লিখেছে, শুক্রবার নোবেল শান্তি পুরস্কারের ঘোষণা যখন এল, ডেনিস মুকওয়েগে তখন তার হাসপাতালের অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারে ব্যস্ত।

নরওয়ের এক পত্রিকাকে তিনি বলেন, “আমি তখন অপারেশন থিয়েটারে। ফলে বাইরে যখন এটা নিয়ে আলোচনা শুরু হল, সেদিকে আমার নজর ছিল না। হঠাত কয়েকজন ভেতরে এসে আমাকে খবরটা দিল।”

চিকিৎসক মুকওয়েগে তার নোবেল পুরস্কার উৎসর্গ করেছেন বিশ্বের সেইসব নারীর প্রতি, যারা যৌন সহিংসতার শিকার হয়েছেন।

গত সোমবার চিকিৎসায় নোবেল ঘোষণার মধ্যে দিয়ে এবারের নোবেল মওসুমের শুরু হয়। আগামী ৮ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি।

এক জুরির স্বামীর বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি এবারের সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত করেছে।