২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতি, কর ফাঁকিতে জড়িত ছিলেন ট্রাম্প: নিউ ইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই নিজের চেষ্টায় ধনী হয়েছেন বলে দাবি করে এসেছেন। কিন্তু দ্য নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র।

নিউ ইয়র্ক টাইমস

>>

নিউ ইয়র্ক টাইমস

Published : 03 Oct 2018, 09:07 PM

Updated : 08 Apr 2022, 07:06 PM

বলা হচ্ছে, নব্বইয়ের দশকে ট্রাম্প তার বাবার রিয়েল এস্টেট ব্যবসা থেকে কমপক্ষে ৪১ কোটি ৩০ লাখ ডলার পান, যার বেশির ভাগই এসেছিল কর ফাঁকি, জালিয়াতি আর আর্থিক অনিয়মের মাধ্যমে।

ট্রাম্প ওই সময় নিজের ভাই-বোনদের সঙ্গে মিলে তাদের বাবা ফ্রেড ট্রাম্পকে কর ফাঁকি দিতে সহায়তা করে এ প্রক্রিয়ায় জড়িত ছিলেন।

হাতে পাওয়া ২শ’ আরকর রিটার্নের হিসাবের ভিত্তিতে নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে এ দাবি করেছে।

প্রতিবেদনটি প্রকাশের পর ট্রাম্পের বাবার কর দেওয়ার তথ্য এবং এর সঙ্গে ট্রাম্পের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্কের কর বিভাগ।

হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বলেছেন, প্রেসিডেন্টকে বিচলিত করতে মিছেমিছি তাকে আক্রমণ করা হচ্ছে।

নিউ ইয়র্কের কর বিভাগের মুখপাত্র জেমস গ্যাজাল বলেছেন, টাইমসের প্রতিবেদনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখার সব ব্যবস্থাই করা হচ্ছে।

ক্যাপিটল হিলে কয়েকজন ডেমোক্র্যাট এরই মধ্যে ট্রাম্পকে তার আয়কর রিটার্ন প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। যেটি করতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে এসেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প অনেকবারই দাবি করেন যে, তিনি নিজ চেষ্টায় একজন ধনকুবের হয়েছেন। বাবা ফ্রেড ট্রাম্পের কাছ থেকে কেবল খুব অল্প পরিমাণই ঋণ নিয়েছিলেন তিনি।

 কিন্তু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, ট্রাম্প তার বাবাকে কর ফাঁকি দিতে সাহায্য করার কারণেই বিপুল অর্থসম্পদের মালিক হতে পেরেছেন।

কর ফাঁকি দেওয়ার জন্য বাবা-মা’র কাছ থেকে উপহারের নামে পাওয়া ডলার লুকাতে একটি কোম্পানিও খুলেছিলেন ট্রাম্প ও তার ভাইরা।

বাবার সম্পত্তি থেকে মাত্র তিনবছর বয়সেই ট্রাম্পের আয় ছিল বছরে ২ লাখ ডলার। ৮ বছর বয়সেই তিনি লাখ লাখ ডলারের মালিক হয়েছিলেন।

গ্র্যাজুয়েট হওয়ার পর বাবার কাছ থেকে বছরে ১০ লাখ ডলার করে পেতেন তিনি। এরপর ৪০/৫০ বছর বয়সে এসে সে অঙ্কটাই বেড়ে ৫০ লাখ ডলার ছাড়িয়ে যায়।

প্রতিবেদনের অভিযোগে আরো বলা হয়েছে, ট্রাম্প সম্পত্তির মূল্য লাখ লাখ ডলার কম করে দেখিয়ে তার বাবা-মায়ের করের বিল কম রাখতেও সহায়তা করতেন।

তবে নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনের এসব তথ্য একেবারেই ভুল বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের আইনজীবী চার্লস হার্ডার ।