২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার বিপর্যয়ে রাজনৈতিক ঝুঁকিতে প্রেসিডেন্ট উইদোদো

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আর সুনামিতে যে বিপর্যয় ঘনিয়ে এসেছে তাতে আগামী বছর নির্বাচনের আগে প্রেসিডেন্ট জোকো উইদোদোর রাজনৈতিক ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Oct 2018, 06:17 PM

Updated : 08 Apr 2022, 07:06 PM

কারণ, বিপর্যয় মোকাবেলায় উইদোদার ত্রুটি খুঁজে বের করতে সবসময়ই তৎপর থাকবে বিরোধীরা।

গত শুক্রবার দেশটিকে নাড়িয়ে দেওয়া ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে সরকারি হিসাবে মৃতের সংখ্যা এ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০৭ জনে।

কিন্তু এখনো পর্যন্ত অনেক মানুষেরই হদিস মেলেনি। ফলে ক্ষয়ক্ষতির পুরো হিসাবটা পাওয়া গেলে নিহতের অংঙ্ক আরো বাড়ারই আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় রাজনৈতিক এবং সামরিক অঙ্গনের বাইরে থেকে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট উইদোদো। আদতে তিনি ছিলেন এক আসবাবপত্র ব্যবসায়ী। আগামী বছর ১৭ এপ্রিলের নির্বাচনে ৫ বছর মেয়াদে আরেকবার ক্ষমতায় আসার চেষ্টা নেবেন তিনি।

দেশে উইদোদো বিপুল জনপ্রিয়তা পেলেও তাকে একইসঙ্গে রক্ষণশীল জাতীয়তাবাদী এবং ইসলামিক গোষ্ঠীগুলোর বৈরি আরচরণ মোকাবেলা করে চলতে হয়েছে।

দুর্যোগের পর খাবার জ্বালানি এবং উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে মানুষের মধ্যে বাড়তে থাকা হতাশা আর ক্ষোভের মুখে প্রেসিডেন্ট দ্রুতই একাধিকবার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শনে গেছেন। উদ্ধারকাজকে অগ্রাধিকার দিয়েছেন। অধিবাসীদের ধৈর্য ধরতে বলেছেন।

“পরিস্থিতি এখনো সামাল দেওয়া বাকী এবং এ ব্যাপারে আগামী দিনগুলো আরো গুরুত্বপূর্ণ” বলে মন্তব্য করেছেন বিশ্লেষক কেইথ লোভার্ড।

সুনামির পূর্বাভাস ঠিকমত দিতে না পারায় নিহতের সংখ্যা বেশি হয়েছে বলে এরই মধ্যে সরকার সমালোচনার শিকার হয়েছে।

দেশটিতে সুনামি সতর্কতা জারির পদ্ধতিটি ২০১২ সাল থেকে অকার্যকর। উইদোদো ২০১৪ সালে ক্ষমতায় আসার পর মাত্র গত মঙ্গলবারেই এ পদ্ধতি আবার সচল করে ঠিকমত জারি রাখার কথা বলেছেন।

ত্রাণ তৎপরতা ঠিকমত না চলায় মরিয়া মানুষেরা লুটপাট শুরু করেছে, ত্রাণ প্রচেষ্টা নিয়ে প্রশ্ন উঠেছে। হট্টগোলপূর্ণ এ পরিস্থিতিতে অস্ত্র শান দিতে শুরু করেছে বিরোধীরা।

আইনশৃঙ্খলাহীন পরিস্থিতির জন্য সরকারের সমালোচনা এরই মধ্যে শুরু হয়েছে।

“জটিল এ জরুরি পরিস্থিতিতে দরকার নেতৃত্ব এবং আইনশৃঙ্খলা। এ সময়টিতেই সরকার এখন খুবই দুর্বল,” বলেছেন পার্লামেন্টে বিরোধী ন্যাশনালিস্ট গেরিন্দ্রা পার্টির ডেপুটি স্পিকার ফাদলি জন।

এই পার্টিরই নেতা প্রাবোবো সুবিয়ান্তো আগামী বছরের নির্বাচনে উইদোদোর প্রধান প্রতিদ্বন্দ্বী।

২০১৪ সালের নির্বাচনে উইদোদো খুব কম ব্যবধানে হারাতে পেরেছিলেন সুবিয়ান্তোকে। এখন আগামী নির্বাচনে কোনো না কোনোভাবে উইদোদাকে হারানোর সুযোগ অবশ্যই খুঁজবেন সুবিয়ান্তো।