২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা ‘সিল্ক রোড’ রেল প্রকল্পে পাকিস্তানের কাটছাঁট

বাড়তে থাকা ঋণের বোঝা নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান সরকার চীনের ‘সিল্ক রোড' প্রকল্পের আওতায় তাদের রেলপথ সংস্কার প্রকল্পে বড় আকারের কাঁটছাটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 10:52 PM

Updated : 08 Apr 2022, 07:06 PM

ওই প্রকল্পের আওতায় করাচি থেকে উত্তরপশ্চিমের শহর পেশওয়ার পর্যন্ত এক হাজার ৮৭২ কিলোমিটার দীর্ঘ ঔপনিবেশিক আমলে তৈরি রেলপথ সংস্কারের কথা রয়েছে।

পাকিস্তানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পে চীন ছয় হাজার কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সেখান থেকে রেলপথ সংস্কার প্রকল্পে প্রাথমিকভাবে ৮২০ কোটি মার্কিন ডলার খরচ ধরা হয়েছে। যদিও অনেকের মতে প্রকল্পে খরচ আরও বেশি হবে। যা নিয়ে মতভেদের কারণে প্রকল্পের কাজ শুরু হতে দেরি হচ্ছে।

চীন অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিলেও পাকিস্তানের নতুন সরকার চীনের বিনিয়োগ নিয়ে অনেক বেশি সতর্ক রয়েছে।

সোমবার লাহোরে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, “পাকিস্তান দরিদ্র দেশ। আমাদের পক্ষে এত বড় ঋণের বোঝা বহন করা সম্ভব না।”

“যে কারণে আমরা চীন-পাকিস্তান ইকোনোমিক করিডর (সিপিইসি) এর অধীনে চীনের কাছ থেকে রেল প্রকল্পে ঋণের পরিমাণ ৮২০ কোটি মার্কিন ডলার থেকে কমিয়ে ৬২০ কোটি মার্কিন ডলার করছি।”

ভবিষ্যতে তা আরো হ্রাস করে ৪২০ কোটি মার্কিন ডলার করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

তবে সরকার করাচি-পেশওয়ার মেইন লাইন-ওয়ান (এমএল-১) এর কাজ প্রতিশ্রুতি অনুযায়ী করবে বলেও জানান তিনি।

বিআরআই প্রকল্প নিয়ে পাকিস্তানকে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে, এ ধরণের ঋণ একসময় বোঝায় পরিণত হয় এবং দুর্বল অর্থনীতির দেশ ওই ঋণের বোঝার ফাঁদে পড়ে আর কখনোই তা পরিশোধ করতে পারে না।

বেইজিং ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের দেওয়া ঋণ কাজে লাগিয়ে উভয় দেশই লাভবান হবে।

রশিদ বলেন, “সিপিইসি অনেকটা পাকিস্তানের মেরুদণ্ডের মত, কিন্তু আমাদের চোখ-কান খোলা আছে।”

পাকিস্তানের জরাজীর্ণ রেল যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড এমএল-১। এটা দেশটির রাজস্ব আয়ের অন্যতম বড় উৎসও বটে।