২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেমে মার্কিন দূতাবাস: আন্তর্জাতিক আদালতে অভিযোগ ফিলিস্তিনের

ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের লংঘন করেছে বলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2018, 02:50 PM

Updated : 08 Apr 2022, 07:05 PM

মার্কিন দূতাবাস জেরুজালেম থেকে সরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছে তারা।

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই অভিযোগ দেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আইসিজে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

অভিযোগে ফিলিস্তিনি কর্তপক্ষ বলেছে, ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনো দেশ সেখানেই দূতাবাস স্থাপন করতে পারবে, যেখানে নিমন্ত্রণকারী রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ নেই।

ইসরায়েল সামরিক জোর খাটিয়ে জেরুজালেম দখলে রাখলেও, শহরটির ওপর তেলআবিবের মালিকানা নিয়ে বিশ্বের বেশিরভাগ দেশেরই আপত্তি আছে। এ যুক্তিতেই ‘পবিত্র শহর জেরুজালেম থেকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন সরিয়ে নিতে আদেশ দিতে’ ফিলিস্তিন আইসিজের প্রতি অনুরোধও জানিয়েছে।

বিভিন্ন দেশের মধ্যে বিরোধ মেটাতে জাতিসংঘের এ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) কাজ করে থাকে বলে জানিয়েছে রয়টার্স।

২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হয়। ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের অবশ্য তাতে সায় নেই।

গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ বছরের মে মাসে জেরুজালেমে নতুন দূতাবাসের উদ্বোধনও হয়। 

দেশে-বিদেশে এ পদক্ষেপের জন্য তুমুল সমালোচিত হয় মার্কিন প্রশাসন। জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত আলোচনায় ইউরোপ ও উপসাগরীয় মিত্রদেরও বিরূপ প্রতিক্রিয়া পায় ওয়াশিংটন।