২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের গোপন পারমাণবিক গুদাম আছে: দাবি নেতানিয়াহুর

ইরানে পারমাণবিক রসদের গোপন গুদাম আছে বলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Sep 2018, 08:43 PM

Updated : 08 Apr 2022, 07:05 PM

বৃহস্পতিবার জাতিসংঘ ভাষণে নেতানিয়াহু বিমান থেকে তোলা ছবি এবং লাল তীরচিহ্ন দেওয়া একটি মানচিত্র দেখিয়ে নেতাদেরকে তেহরানের তারকুজাবাদে ওই গোপন পারমাণবিক ভান্ডার চিনিয়ে দেন।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞায় সমর্থন আদায়ের চেষ্টায় নেতানিয়াহু দেশটির ওই গোপন ভান্ডারের ফিরিস্তি দেন এবং ইরানকে তুষ্ট রাখার চেষ্টার জন্য ইউরোপকে দোষারোপ করেন।

নেতানিয়াহু গত এপ্রিলে তেহরানের আরেকটি স্থানে গোপন পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত নথিপত্রের বড় ধরনের একটি গোপন আর্কাইভ দেখিয়েছিলেন।

কিন্তু এরপরও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি বলে দোষারোপ করে নেতানিয়াহু বলেন, একারণে তিনি এখন ওই আর্কাইভ থেকেই কয়েক মাইল দূরে গোপন এই পারমাণবিক গুদামটি দেখাচ্ছেন।

তিনি বলেন, এ গুদামে ইরান প্রচুর সাজ-সরঞ্জাম এবং গোপন অস্ত্র কর্মসূচিতে ব্যবহারের উপাদান মজুদ রাখে। এ জিনিসগুলো তারা দ্রুতই শহরের অন্যস্থানে সরিয়ে ফেলছে।

পারমাণবিক গুদামটি থেকে ১৫ কিলোগ্রাম তেজস্ক্রিয় পদার্থ সম্প্রতি সরিয়ে ফেলা হয়েছে বলেও নেতানিয়াহু দাবি করেন।

অনুমান করে তিনি বলেন, গুদামটিতে ৩শ’ টন মতো পরমাণু-সংশ্লিষ্ট সাজ সরঞ্জাম এবং ১৫ টি জাহাজ কন্টেইনার পরিমাণ পারমাণবিক পদার্থ থাকতে পারে। তবে কি ধরনের পারমাণবিক পদার্থ সেখানে থাকতে পারে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেন নি তিনি।

ইরান যে ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে পারমাণবিক চুক্তি করার পরও তলে তলে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে এটিই তার প্রমাণ বলে মন্তব্য করেন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের ওই চুক্তি থেকে সরে আসা এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের সাড়ে চারমাস পর নেতানিয়াহু ইরানের গোপন ভান্ডার নিয়ে কথা বললেন।

তবে ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রীর এ দাবি ভুয়া এবং এর কোনো মানে হয় না বলে উড়িয়ে দিয়েছে। “নেতানিয়াহু যে দাবি করেছেন তাতে বিশ্ব হাসবে,” বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি।

উল্টো ইসরায়েলেরই পারমাণবিক কর্মসূচির বিষয়টি আরো ভালভাবে খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।