উড়োজাহাজ নামলো সাগরে
পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল মাইক্রোনেশিয়ায় একটি উড়োজাহাজ রানওয়ের বদলে সাগরে গিয়ে নেমেছে।
বিবিসি জানিয়েছে, মাইক্রোনেশিয়ার চিউয়াক আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে ‘এয়ার নিউগিনির’ ফ্লাইট এএনজি৭৩ এ দুর্ঘটনায় পড়ে।
বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটিতে ৩৫ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারো আঘাত গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিমানবন্দরের ম্যানেজারের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, উড়োজাহাজটি বিমানবন্দরের দিকেই আসছিল। কিন্তু রানওয়েতে পৌঁছানোর দেড়শ গজ আগেই সেটি সাগরে নেমে পড়ে।
দুর্ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে চিউয়াক বিমানবন্দরের পাশে অগভীর সাগরে এয়ার নিউগিনির উড়োজাহাজটি আধাডোবা হয়ে থাকতে দেখা যায়। স্পিডবোটে করে আরোহীদের উদ্ধার করতে দেখা যায় সেখানে।
মাইক্রোনেশিয়ার ফোনপেই দ্বীপ থেকে পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবিতে যাচ্ছিল উড়োজাহাজটি।
