আফগানিস্তানের গজনিতে প্রেসিডেন্টের সফরকালে রকেট হামলা
আফগানিস্তানের গজনি শহরে প্রেসিডেন্ট আশরাফ ঘানির সফরকালে কয়েক দফা রকেট হামলা হয়েছে বলে জানিয়েছেন শহরের অধিবাসী ও কর্মকর্তারা।
গজনি পুলিশের মুখপাত্র আহমাদ খান সিরাত বলেন, “গভর্নরের কম্পাউন্ডের ৩শ’ মিটারের মধ্যে অন্তত ২টি রকেট পড়েছে। সেখানে প্রেসিডেন্ট ঘানি স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন। ওই সময় তৃতীয় আরেকটি রকেট আঘাত হানে।”
তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে হালকা এবং ভারি অস্ত্রের শব্দ শোনা গেছে।
গতমাসে তালেবান যোদ্ধারা গজনিতে হামলা চালিয়ে শহরটির কেন্দ্রস্থলের কিছু অংশ দখল করে নেওয়ার পর থেকে সেখানে এখনো স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি।
যুক্তরাষ্ট্রের বিমান হামলার সহায়তায় আফগান বাহিনী শেষ পর্যন্ত হামলাকারীদের শহরটি থেকে হটিয়ে দিয়েছে।
আফগান প্রেসিডেন্ট ঘানি শহরটির নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে সস্ত্রীক সেখানে যান।
