মোবাইল চার্জ দিতে ককপিটে ঢোকার চেষ্টা যাত্রীর, তারপর..
মোবাইল চার্জ দেওয়ার কথা বলে সটান বিমানের ককপিটে ঢোকার চেষ্টা চালান এক যাত্রী। এরপরই তাকে বিমান থেকে নামিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
ঘটনাটি ঘটেছে গত সোমবার। সিক্সই-৩৯৫ মুম্বাই-কলকাতা ইন্ডিগো বিমানটি তখন মুম্বাই বিমানবন্দর থেকে উড়ার প্রস্তুতি নিচ্ছিল৷
এমন সময় ওই যাত্রী হঠাৎ করেই ককপিটে ঢোকার চেষ্টা করেন৷ কারণ হিসাবে বিমানকর্মীদের তিনি জানান, তার মোবাইলে চার্জ দেওয়া প্রয়োজন৷
কিন্তু বিমান ও যাত্রীদের নিরাপত্তার বিবেচনায় ককপিটে যাত্রীদের প্রবেশ নিষেধ- একথা বোঝানোর পরও যাত্রীটি তা না বুঝতে চাওয়ায় তাকে শেষ পর্যন্ত বিমান থেকে নামিয়ে মুম্বাই বিমানবন্দরের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। ইন্ডিগো এয়ারলাইন বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।
জিজ্ঞাসাবাদের পর পুলিশ ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। বিমানবন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,মধ্য তিরিশের ওই বেয়াড়া যাত্রী মদ্যপ ছিলেন।
একই দিনে দিল্লি-পাটনা রুটে ‘গোএয়ার’ এর একটি উড়োজাহাজ মাঝ আকাশে থাকা অবস্থায় এক যাত্রী টয়লেটের দরজা মনে করে বিমানের পেছনের দরজা খুলে ফেলার চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে এলার্ম বেজে উঠলে বিমানের ক্রুরা তাকে থামায়।
